ATN
শিরোনাম
  •  

‘৩১ দফা দিয়ে ৩২ দফা বাস্তবায়ন করেছে বিএনপি’: স্বরাষ্ট্রমন্ত্রী

         
‘৩১ দফা দিয়ে ৩২ দফা বাস্তবায়ন করেছে বিএনপি’: স্বরাষ্ট্রমন্ত্রী

‘৩১ দফা দিয়ে ৩২ দফা বাস্তবায়ন করেছে বিএনপি’: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি ৩১ দফা ঘোষণা করলেও এরই মধ্যে ৩২ দফা পর্যন্ত বাস্তবায়ন করেছে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী ইএফটি ও আইবিএস প্লাস প্লাসের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে এবং তা বাস্তবায়ন করে। ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি।”

তিনি বলেন, খালেদা জিয়া শিক্ষকদের অবসরকালীন সুবিধার ব্যবস্থা করেছিলেন। বর্তমানে শিক্ষক কল্যাণ ট্রাস্টের পাশাপাশি অবসর সুবিধার অর্থও দেওয়া হচ্ছে। এতে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত পেতে পারেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রামের দরিদ্র স্কুলশিক্ষকের জন্য এই অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটালাইজড আইবিএস প্লাস প্লাস পদ্ধতিতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সরাসরি ব্যাংক হিসাবে টাকা পৌঁছে যাচ্ছে। এজন্য কাউকে কোনো ধরনের উৎকোচ দিতে হবে না।

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্ণ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে প্রশ্ন করছেন, ১৮০ দিনে সরকার কী বাস্তবায়ন করেছে? এগুলো দেখুন—আমরা বাস্তবায়ন করেছি। এটি আমাদের ইশতেহারে ছিল না। এটি ৩২ নম্বর।”

বিনামূল্যে শিক্ষার্থীদের স্কুলড্রেস বিতরণ কর্মসূচিকে তিনি ‘৩৩ নম্বর’ হিসেবেও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। একইভাবে দরিদ্র মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে।

তিনি বলেন, শুরুতে বিরোধীরা ফ্যামিলি কার্ড নিয়ে সমালোচনা করলেও এখন তারাই এই কার্ড কবে দেওয়া হবে, তা নিয়ে প্রতিযোগিতা করছে।

আর্থিক সক্ষমতার সঙ্গে সমন্বয় করে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের সব মা-বোনকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের হাতে অর্থ পৌঁছালে অর্থনীতিতে গতি বাড়বে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষায়, মানুষের হাতে অর্থ গেলে তারা প্রয়োজনীয় পণ্য কিনবেন। এতে বাজারে অর্থের প্রবাহ বাড়বে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক কার্যক্রমও সক্রিয় হবে। ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, বড় অঙ্কের ঋণ নিয়ে কেউ কেউ অর্থ তছরুপ করতে পারে। কিন্তু দরিদ্র মানুষের হাতে অর্থ গেলে তারা পরিবারের প্রয়োজনেই তা ব্যয় করবেন। এর মাধ্যমে পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়বে এবং সন্তানদের শিক্ষার সুযোগও বৃদ্ধি পাবে।

“দরিদ্রকে যদি আপনারা দরিদ্রই রেখে দেন, জাতির কখনো কল্যাণ হবে না, মুক্তি হবে না”—বলেন সালাহউদ্দিন আহমদ।

সরকারের অন্যান্য সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে প্রয়োজনীয় কর্মসূচির আওতায় আনা হবে। এর মাধ্যমে মানুষ রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুবিধা পাবেন।

এসব উদ্যোগ বাংলাদেশকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নেবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ