ATN
শিরোনাম
  •  

ফতুল্লায় পুলিশের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ মাদক কারবারিসহ গ্রেপ্তার ২

         
ফতুল্লায় পুলিশের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ মাদক কারবারিসহ গ্রেপ্তার ২

ফতুল্লায় পুলিশের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ মাদক কারবারিসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের অভিযানের সময় গুলি ছোড়ার অভিযোগে দুই অস্ত্রধারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের পাল্টা গুলিতে জসিম (২৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গোলাগুলির ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে ফতুল্লার ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন—ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে জসিম (২৪) এবং আব্দুস সালামের ছেলে মোহন (২৩)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, ইসদাইর রেলস্টেশনসংলগ্ন এলাকায় ৭-৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তারের জন্য ফতুল্লা থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশ তাদের আটক করতে গেলে জসিম ও মোহনসহ কয়েকজন অস্ত্রধারী পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

পরিস্থিতিতে আত্মরক্ষার্থে ফতুল্লা থানার এসআই (নি.) মো. রফিক ও এসআই (নি.) নন্দন চন্দ্র সরকার পাল্টা গুলি ছোড়েন। এতে জসিমের উরুতে গুলি লাগে। একই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন।

পরে ঘটনাস্থল থেকে জসিম ও মোহনকে গ্রেপ্তার করা হয়। গুলিবিদ্ধ জসিম এবং আহত তিন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল (খানপুর) নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর গুলি ছোড়ার ঘটনায় দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ