ATN
শিরোনাম
  •  

বক্স অফিসে ইমরান হাশমির দাপট, সানি দেওল অনেক পিছিয়ে

         
বক্স অফিসে ইমরান হাশমির দাপট, সানি দেওল অনেক পিছিয়ে

বক্স অফিসে ইমরান হাশমির দাপট, সানি দেওল অনেক পিছিয়ে

ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে গত শুক্রবার (১৪ আগস্ট) একই দিনে মুক্তি পেয়েছে ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’ ও সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দুই তারকার লড়াইয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে গেছে ইমরান হাশমির সিনেমা।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে প্রথম দিনে ‘আওয়ারাপান টু’ আয় করেছে ২১ কোটি রুপি নিট। সিনেমাটির ভারতীয় বাজারে গ্রস আয় দাঁড়িয়েছে ২৫ কোটি ২০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে আরও ২ কোটি রুপি আয় যোগ হলে প্রথম দিনেই এর বিশ্বব্যাপী গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ২৭ কোটি ২০ লাখ রুপি।

নিতিন কক্কর পরিচালিত সিনেমাটি প্রথম দিন ভারতে ৯ হাজার ৩৩টি শো পেয়েছে। এসব শোতে গড়ে প্রায় ৪৫ শতাংশ আসন পূর্ণ হয়েছে।

অন্যদিকে, সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’ তুলনামূলকভাবে বেশ পিছিয়ে রয়েছে। প্রথম দিনে ভারতে সিনেমাটির নিট আয় হয়েছে ৫ কোটি ৭৫ লাখ রুপি এবং গ্রস আয় ৬ কোটি ৮৪ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে পাওয়া ১ কোটি ৫০ লাখ রুপি যোগ করে সিনেমাটির প্রথম দিনের বিশ্বব্যাপী গ্রস আয় দাঁড়িয়েছে ৮ কোটি ৩৪ লাখ রুপি।

রাজকুমার সন্তোষী পরিচালিত সিনেমাটি প্রথম দিনে ৮ হাজার ৭২১টি শো পেলেও আসন দখলের হার ছিল প্রায় ১৫ শতাংশ। অর্থাৎ শোয়ের সংখ্যায় খুব বেশি পিছিয়ে না থাকলেও দর্শক উপস্থিতিতে ‘আওয়ারাপান টু’-এর তুলনায় বড় ব্যবধানে পিছিয়ে রয়েছে ‘বাটোয়ারা ১৯৪৭’।

২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপান টু’। এতে ‘শিভম পণ্ডিত’ চরিত্রে আবারও দেখা গেছে ইমরান হাশমিকে। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। আবেগ, অ্যাকশন ও রোমাঞ্চের মিশেলে নির্মিত সিনেমাটি প্রথম দিনেই দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।

অন্যদিকে, দেশভাগের পটভূমিতে নির্মিত ‘বাটোয়ারা ১৯৪৭’-এ ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়েছেন সানি দেওল। সিনেমায় পাকিস্তানে পাড়ি জমানো এক মুসলিম ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন তিনি, যিনি ভয়াবহ বিশৃঙ্খলার মধ্যেও এক হিন্দু নারীকে রক্ষা করার দায়িত্ব নেন।

প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরেছেন প্রীতি জিন্তা। পাশাপাশি প্রথমবারের মতো বাবা-ছেলে সানি দেওল ও করণ দেওলকে একসঙ্গে দেখা গেছে সিনেমাটিতে। আরও অভিনয় করেছেন আলী ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারি ও কনিকা কাপুর।

প্রথম দিনের হিসাব বলছে, একই দিনে মুক্তি পাওয়া দুই সিনেমার লড়াইয়ে আপাতত অনেকটাই এগিয়ে ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’। এখন দেখার বিষয়, পরবর্তী দিনগুলোতে ‘বাটোয়ারা ১৯৪৭’ ঘুরে দাঁড়িয়ে ব্যবধান কমাতে পারে কি না।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ