ATN
শিরোনাম
  •  

কাদা ছোড়াছুড়িতে নয়, সত্যের ওপরই আস্থা সাদিয়া আয়মানের

         
কাদা ছোড়াছুড়িতে নয়, সত্যের ওপরই আস্থা সাদিয়া আয়মানের

কাদা ছোড়াছুড়িতে নয়, সত্যের ওপরই আস্থা সাদিয়া আয়মানের

শোবিজ অঙ্গনে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। প্রেম, সম্পর্ক, বিয়ে কিংবা ব্যক্তিগত নানা বিষয় নিয়ে মাঝেমধ্যেই আলোচনায় আসেন অভিনয়শিল্পীরা। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ঘিরে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। তবে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে বিতর্কে জড়ানোর বদলে নীরব থাকাকেই শ্রেয় মনে করছেন তিনি।

এক সাক্ষাৎকারে গুঞ্জন প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে সাদিয়া আয়মান বলেন, কোনো বিষয়ে একজনের বক্তব্যের পর নিজের পক্ষের গল্প বলতে গেলে বিষয়টি আরও জটিল হয়ে যেতে পারে। তাই তিনি কাদা ছোড়াছুড়ি কিংবা একে অপরের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পথে হাঁটতে চান না।

সাদিয়ার ভাষায়, “গুঞ্জন তো গুঞ্জনই, গুঞ্জন নিয়ে বলার কিছু নেই। কিছু কথা না বললেও হয়। যখন একটা মানুষ তার কথা বলে ফেলে, আমি যদি আমার সাইড অফ স্টোরি বলি, তখন গল্পটা আসলে অন্যরকম হবে। আমি চাই না আসলে কাদা ছোড়াছুড়ি হোক। আমি চাই না একজন একটি ইন্টারভিউতে এক কথা বলছে, আবার আমি আরেক কথা বলব। এরকম নোংরামি করতে চাই না। আমার মনে হয় সত্য কখনো চাপা থাকে না, সত্য একসময় সামনে আসবেই।”

নিজের ভবিষ্যৎ ও সম্পর্কের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। আপাতত প্রেমের চেয়ে নিজের ক্যারিয়ার ও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। সাদিয়া জানান, জীবনের সঠিক সময়ে যা হওয়ার, সেটিই হবে।

তিনি বলেন, “আমি আগেও বলেছি, আমার প্রেমের খুব ইচ্ছা নেই। আমি সব সময় আমার সেটেলমেন্ট করাতেই বিশ্বাসী। যখন মনে হবে ঠিকঠাক সময় ও সুযোগ এসেছে, তখন হবে। আল্লাহ তো সব লিখে রেখেছেন কপালে। আমরা অনেক কিছু চাইলেও সেটা হয় না। আল্লাহ সবকিছু প্ল্যান করে রেখেছেন। আমাদের কোনো প্ল্যান থাকলেও সেটা পরক্ষণেই পরিবর্তন হয়ে যেতে পারে। আমার মনে হয়, যখন সঠিক সময় হবে, যা হওয়ার তখনই হবে।”

ক্যারিয়ারের শুরুর দিকেই রয়েছেন বলে মনে করেন সাদিয়া। তাই অপ্রয়োজনীয় বিতর্কে নিজের সময় ও মানসিক শক্তি নষ্ট করতে চান না তিনি। বরং অভিনয়, পরিবার এবং নিজের ব্যক্তিগত জীবনের প্রতি মনোযোগী থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

সাদিয়ার কথায়, “আমার মনে হয় এখন সময় না। আমি এখন অনেক ছোট, কাজ করে যাই। যখন অনেক বড় হব, সিনিয়র হয়ে যাব, তখন যখন আমার গল্পগুলো বলব, তখন সেগুলো আরও ভ্যালু অ্যাড করবে। আসলে এত এনার্জি নষ্ট করার কোনো মানে হয় না।”

নিজের মানসিক স্বাস্থ্যের বিষয়টিকেও বেশ গুরুত্ব দেন এই অভিনেত্রী। শুটিংয়ের ব্যস্ততার পাশাপাশি পরিবার ও পোষা বিড়ালের যত্ন নেওয়াতেও সময় দেন তিনি। যেসব বিষয় তার মানসিক শান্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করেন বলে জানান সাদিয়া।

বর্তমানে অভিনয়জীবনের শুরুতেই নিজের অবস্থান শক্ত করার দিকে মনোযোগী এই অভিনেত্রী। নাটকের পাশাপাশি ফিল্ম ও ওয়েব ফিল্মে কাজ করে ইতোমধ্যে দর্শকের নজর কেড়েছেন তিনি। সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন সাদিয়া আয়মান। তবে ব্যক্তিগত জীবনের আলোচনা নয়, সামনের দিনগুলোতে কাজ দিয়েই দর্শকের কাছে নিজের পরিচয় আরও শক্ত করতে চান এই অভিনেত্রী।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ