ATN
শিরোনাম
  •  

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

         
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দুর্ঘটনায় নিহত ও আহতদের খোঁজখবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, তদন্তে যে তথ্য পাওয়া যাবে, তার ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারও পক্ষে বা বিপক্ষে যাওয়ার বিষয় নেই। সরকারের দায়িত্ব হলো সঠিকভাবে তদন্ত করে প্রকৃত তথ্য বের করে আনা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া।

দুর্ঘটনার আন্তর্জাতিক প্রভাবের বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রিন ইয়ার্ডের কমপ্লায়েন্সের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, গ্রিন ইয়ার্ডের গ্রেডিং সরকার করে না। হংকং কনভেনশনে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে গ্রিন ইয়ার্ডের সনদ দেওয়া হয়। কোনো প্রতিষ্ঠান ওই নীতিমালা পূরণ করলে তাকে গ্রিন ইয়ার্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

অর্থমন্ত্রী আরও বলেন, হংকং কনভেনশনের আওতায় যে গ্রিন ইয়ার্ডের সনদ দেওয়া হয়েছে, সেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো কমপ্লায়েন্স ঘাটতি ছিল কি না, সেটি খতিয়ে দেখা সরকারের দায়িত্ব।

এর আগে শুক্রবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজের ভেতর থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

দুর্ঘটনার পর ঝুঁকিপূর্ণ উদ্ধার কার্যক্রমে সহায়তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি ইউনিট মোতায়েন করা হয়। জাহাজের ভেতরে এখনও গ্যাসের উপস্থিতি থাকায় উদ্ধারকাজও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

চমেক হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। একই সঙ্গে দুর্ঘটনার কারণ ও তদন্তের অগ্রগতি নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ