ATN
শিরোনাম
  •  

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮

         
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৮ জনের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জুনায়েত কাউছার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এ পর্যন্ত মোট আটজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজে হাউসকিপিংয়ের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে ১৫ থেকে ২০ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে আরও কয়েকজনের মৃত্যু হয়।

তবে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ দাবি করেছেন, হতাহতদের অনেকেই শ্রমিক নন, তারা ঘটনাস্থলে জড়ো হওয়া উৎসুক জনতা। তার ভাষ্য, শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকাল ১০টার দিকে একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংকে লিকেজ দেখা দিলে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে সেখানে গেলে গ্যাসে আক্রান্ত হন।

ইয়ার্ডের প্রশাসনিক কর্মকর্তা সাইফুজ্জামান বলেন, সেখানে কোনো বিস্ফোরণ ঘটেনি। গ্যাস লিক হয়ে বিষক্রিয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। গ্যাস ছড়িয়ে পড়ার পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। প্রথমদিকে অনেকে ঘটনাটিকে বিস্ফোরণ বলে মনে করেছিলেন।

চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগমও বিস্ফোরণের খবর সঠিক নয় বলে জানিয়েছেন।

এদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান জানান, ১০ শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন। বাকিদের সর্বশেষ অবস্থা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গ্যাস নির্গমন নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ