ATN
শিরোনাম
  •  

সিলেটে হামের প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

         
সিলেটে হামের প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

সিলেটে হামের প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪২ জনে। অন্যদিকে সন্দেহজনক ও নিশ্চিত—দুই ধরনের হাম রোগী মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১১৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে যথাক্রমে ৫ ও ৪ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৫ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ জন চিকিৎসা নিচ্ছেন।

এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ মাস বয়সী ইয়াসিন। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অপরজন সুনামগঞ্জের ৫ মাস ১৯ দিন বয়সী শিশু মো. সাইফান। চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেই তার মৃত্যু হয়।

জেলা হিসেবে হাম ও সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি সুনামগঞ্জে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, জেলায় এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি নিশ্চিত হাম রোগে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে সুনামগঞ্জে হাম ও সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জনে।

সিলেট বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় হাম প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম ও জনসচেতনতা আরও জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ