ATN
শিরোনাম
  •  

‘ককটেল ২’সহ ওটিটিতে নতুন যে সিনেমা ও সিরিজ

         
‘ককটেল ২’সহ ওটিটিতে নতুন যে সিনেমা ও সিরিজ

‘ককটেল ২’সহ ওটিটিতে নতুন যে সিনেমা ও সিরিজ

সাপ্তাহিক কর্মব্যস্ততার পর ছুটির দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। দর্শকদের রোমাঞ্চ, অ্যাকশন, থ্রিলার, কমেডি ও রাজনৈতিক ড্রামায় মাতাতে চলতি সপ্তাহে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বেশ কিছু নতুন সিনেমা ও সিরিজ। চলুন জেনে নেওয়া যাক, ছুটির অবসরে কোন কোন কনটেন্ট রাখতে পারেন আপনার দেখার তালিকায়।

‘ককটেল ২’

২০১২ সালের জনপ্রিয় সিনেমা ‘ককটেল’-এর সিক্যুয়েল হিসেবে এসেছে ‘ককটেল ২’। তবে নতুন সিনেমাটির গল্প আগের কাহিনির সরাসরি ধারাবাহিকতা নয়। আধুনিক প্রজন্মের সম্পর্ক, ভালোবাসা ও জটিলতার গল্পই এখানে তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন।

‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’

হালকা মেজাজের কমেডি পছন্দ করেন যারা, তাদের জন্য জার্মান এই সিনেমাটি হতে পারে বিনোদনের ভালো উপকরণ। গল্পের কেন্দ্রীয় চরিত্র অলি তার ঘনিষ্ঠ বন্ধু ও বন্ধুর প্রেমিকা রেবেকার সম্পর্ক মেনে নিতে পারে না। তাদের বিশ্বভ্রমণের পরিকল্পনা ভেস্তে দিতে নানা কৌশল শুরু করে সে। কিন্তু রেবেকাও সহজে হার মানার পাত্রী নয়। দুজনের দ্বন্দ্ব থেকেই তৈরি হয় নানা হাস্যকর পরিস্থিতি।

‘আখরি সওয়াল’

রাজনৈতিক প্রোপাগান্ডা ও আদর্শিক দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘আখরি সওয়াল’। সিনেমাটির গল্পে এক বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও তার গবেষণা সহযোগীর মধ্যে আদর্শগত বিরোধ ক্রমেই তীব্র হয়ে ওঠে। পরে সেই দ্বন্দ্বের প্রভাব পড়ে একটি লাইভ টেলিভিশন টকশোতে। সেখানেই সামনে আসতে থাকে নানা অজানা সত্য। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত ও নামাশি চক্রবর্তী।

‘এমবালি’

দক্ষিণ আফ্রিকার নতুন এই ক্রাইম-থ্রিলার সিরিজে রয়েছে অপরাধজগৎ, রহস্য ও টিকে থাকার লড়াই। গল্পের কেন্দ্রীয় চরিত্র এমবালি দীর্ঘদিন নিখোঁজ থাকা নিজের ভাইকে হঠাৎ একটি ভয়ংকর জেল-গ্যাংয়ের প্রধান হিসেবে আবিষ্কার করে। ভাইকে অপরাধজগৎ থেকে ফিরিয়ে আনতে বিপজ্জনক এক মিশনে নামে সে। কিন্তু সেই পথেই তাকে মুখোমুখি হতে হয় নানা প্রাণঘাতী ঝুঁকির।

‘কদমবরি’

রহস্য ও ভৌতিক আবহের গল্প নিয়ে এসেছে ‘কদমবরি’। প্রাচীন আরিয়ানাত্তু রাজবাড়ির একটি পুতুলের মধ্যে বন্দি এক প্রেতাত্মাকে ঘিরেই এগিয়েছে সিনেমার কাহিনি। অসাবধানতাবশত দুই চোরের মাধ্যমে আত্মাটি মুক্ত হওয়ার পর রাজপ্রাসাদে শুরু হয় একের পর এক অস্বাভাবিক ঘটনা। প্রাসাদের শেষ উত্তরাধিকারী নিরঞ্জনের অদ্ভুত আচরণ ও মানসিক বিপর্যয় পরিস্থিতিকে আরও ভয়ংকর করে তোলে। এরপর গল্প মোড় নেয় চরম এক রহস্য ও থ্রিলারের দিকে।

সব মিলিয়ে, কমেডি থেকে রাজনৈতিক ড্রামা কিংবা ক্রাইম-থ্রিলার ও ভৌতিক গল্প—ছুটির দিনের বিনোদনের জন্য ওটিটিতে এবার থাকছে বেশ বৈচিত্র্যময় আয়োজন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ