ATN
শিরোনাম
  •  

রাউজানে প্রবাসীর টাকা ছিনতাই: এক ব্যক্তি গ্রেপ্তার, উদ্ধার সাড়ে ১৭ লাখ

         
রাউজানে প্রবাসীর টাকা ছিনতাই: এক ব্যক্তি গ্রেপ্তার, উদ্ধার সাড়ে ১৭ লাখ

রাউজানে প্রবাসীর টাকা ছিনতাই: এক ব্যক্তি গ্রেপ্তার, উদ্ধার সাড়ে ১৭ লাখ

চট্টগ্রামের রাউজানে ব্যাংক থেকে উত্তোলন করা প্রবাসীর ২৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মো. জয়নাল আবেদীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার সেবাখোলা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হলদিয়া এলাকার কাতারপ্রবাসী মো. রাসেলের বসতবাড়ি নির্মাণের জন্য ইট কেনার পরিকল্পনা করা হয়। এ উদ্দেশ্যে তার চাচাতো ভাই মো. আহম্মদ উল্লাহ ওরফে সাব্বির (২৬) সোমবার ব্যাংক হিসাব থেকে ২৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। পরে তিনি মো. রোহান (১৮) ও মো. আরফাত (২২) নামে দুজনকে সঙ্গে নিয়ে একটি ব্যক্তিগত গাড়িতে করে স্থানীয় একটি ইটভাটার উদ্দেশে রওনা হন।

বিকেল সাড়ে ৩টার দিকে তাদের গাড়িটি সেবাখোলা এলাকায় পৌঁছালে ৫ থেকে ৬ জনের একটি দল গাড়ির গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সাব্বিরকে জিম্মি ও মারধর করে তার কাছে থাকা ২৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হলদিয়া ইউনিয়নের ইয়াছিন নগরের সিকদার বাড়িতে অভিযান চালিয়ে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ১৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বুধবার (১২ আগস্ট) ভুক্তভোগী মো. আহম্মদ উল্লাহ বাদী হয়ে রাউজান থানায় মামলা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া বাকি ৬ লাখ টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ