ATN
শিরোনাম
  •  

নেত্রকোণায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪, আহত ৬

         
নেত্রকোণায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪, আহত ৬

নেত্রকোণায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪, আহত ৬

নেত্রকোণার পূর্বধলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোণার দিকে যাওয়া ভক্তবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক পুরুষ ও এক নারী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুই পুরুষের মৃত্যু হয়।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পিকআপ ভ্যানটি ভক্তদের নিয়ে নেত্রকোণার মদনপুরে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি (রহ.)-এর বার্ষিক ওরসে যাচ্ছিল।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ি পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক যোগাযোগ স্বাভাবিক করেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ