ATN
শিরোনাম
  •  

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

         
বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি: আসিফ নজরুল

বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘সবদিক দিয়ে যোগ্য’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মির্জা ফখরুলকে অভিনন্দনও জানিয়েছেন।

আসিফ নজরুল তাঁর পোস্টে লেখেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’

রাষ্ট্রপতি পদে অতীতে দায়িত্ব পালনকারীদের সমালোচনা করে তিনি বলেন, গত দুই দশক ধরে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে ‘অনুপযুক্ত’ ব্যক্তিরা দায়িত্ব পালন করেছেন। তাঁদের কেউ ‘অকর্মণ্য’, কেউ ‘অথর্ব’ এবং কেউ ‘চরম অনৈতিক’ ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে আসিফ নজরুল বলেন, ‘বহু বছর পর আমরা পেতে যাচ্ছি এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে।’

তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনা সরকারের সময় বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল দলকে নেতৃত্ব দিয়েছেন, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং রাজনৈতিক জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন।

মির্জা ফখরুলের ব্যক্তিত্বের প্রশংসা করে আসিফ নজরুলের ভাষ্য, রাজনীতিবিদদের মধ্যে তিনি ব্যক্তিত্ববান, মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।

পোস্টে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানান আসিফ নজরুল। তিনি লেখেন, স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তারেক রহমানকে ধন্যবাদ।

সবশেষে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য ‘সবচেয়ে যোগ্য ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন আসিফ নজরুল।

তবে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নিয়োগ নিয়ে এর আগে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও ২৮ জুলাই মির্জা ফখরুল নিজেই বিষয়টিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিলেন। এর আগে তিনি বলেছিলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ