ATN
শিরোনাম
  •  

মুক্তির আগেই বাজিমাত ‘আওয়ারাপান ২’, অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড

         
মুক্তির আগেই বাজিমাত ‘আওয়ারাপান ২’, অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড

মুক্তির আগেই বাজিমাত ‘আওয়ারাপান ২’, অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড

২০০৭ সালে মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল মোহিত সুরির ‘আওয়ারাপান’। তবে সময়ের সঙ্গে সিনেমাটি দর্শকের কাছে পেয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। বিশেষ করে সিনেমাটির গানগুলো এখনো উপমহাদেশের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। সেই নস্টালজিয়াকেই পুঁজি করে নির্মিত হয়েছে সিনেমাটির সিক্যুয়েল ‘আওয়ারাপান ২’।

আগামী শুক্রবার (১৪ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ইমরান হাশমি অভিনীত সিনেমাটি। তবে মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে বড় সাড়া ফেলেছে এটি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির মাত্র ৪৮ ঘণ্টা আগে ‘আওয়ারাপান ২’-এর অগ্রিম বুকিং শুরু হয়। বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত সিনেমাটির ১ লাখ ৩০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

বক্স অফিস বিশ্লেষক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য বলছে, শুধু প্রথম দিনের জন্যই প্রায় ৪ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রিও ছাড়িয়ে গেছে ৯ কোটি রুপি। উল্লেখযোগ্য বিষয় হলো, এই অঙ্কটি ‘আওয়ারাপান’-এর পুরো আয়ের চেয়েও বেশি।

অগ্রিম টিকিটের বাইরে মুক্তির দিন দর্শকদের সরাসরি টিকিট কেনার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। ফলে প্রথম দিনে ‘আওয়ারাপান ২’ প্রায় ২০ কোটি রুপি আয় করতে পারে বলে ধারণা করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

এমনটা হলে ইমরান হাশমির ক্যারিয়ারে এটিই হবে সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন। পাশাপাশি চলতি বছরে বলিউডের অন্যতম বড় উদ্বোধনী আয়ের সিনেমা হিসেবেও জায়গা করে নিতে পারে এটি।

একই দিনে মুক্তি পাচ্ছে সানি দেওল অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’। তবে অগ্রিম বুকিংয়ের চিত্র বিবেচনায় বক্স অফিসে ‘আওয়ারাপান ২’ এগিয়ে থাকবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নীতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপান ২’-এ ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকিসহ আরও অনেকে। সিনেমাটির বাজেট প্রায় ৪৫ কোটি রুপি।

মুক্তির আগেই দর্শকদের এমন আগ্রহ অব্যাহত থাকলে মাত্র কয়েক দিনের মধ্যেই সিনেমাটি নির্মাণ ব্যয় তুলে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। একসময় বক্স অফিসে ব্যর্থ হওয়া ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল এবার সেই হিসাব কতটা বদলে দিতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ