ATN
শিরোনাম
  •  

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ শুরু বাংলাদেশের

         
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ শুরু বাংলাদেশের

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ শুরু বাংলাদেশের

২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে আক্ষেপের শুরু হয়েছিল, ডারউইন টেস্টের প্রথম দিনেই যেন তার জবাব দিতে শুরু করেছে বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট করে ব্যাট হাতে দারুণ অবস্থানে থেকে দিন শেষ করেছে টাইগাররা।

২০০৩ সালে টেস্ট ক্রিকেটে নবীন বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে দুটিতেই ইনিংস ব্যবধানে হেরেছিল। সিরিজের প্রথম টেস্টে ১৮ জুলাই স্টিভ ওয়াহর নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৯৭ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। সেদিন ৪২.২ ওভারই ব্যাট করতে পেরেছিলেন খালেদ মাহমুদ সুজনরা।

২৩ বছর পর ডারউইনে যেন সেই স্মৃতির পুরো উল্টো চিত্র দেখা গেল। টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশের বোলাররা। দুই সেশন পার করার আগেই স্বাগতিকদের ইনিংস থেমে যায় ১৯৮ রানে। অস্ট্রেলিয়া ব্যাট করেছে ৫৩ ওভার।

জবাবে দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে দারুণ প্রতিরোধ গড়ে বাংলাদেশ। মাত্র ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে সফরকারীরা। দিন শেষে তানজিদ হাসান ৩২ এবং মুমিনুল হক ৩৫ রানে অপরাজিত আছেন।

প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ পিছিয়ে আছে ১০২ রানে। তবে হাতে রয়েছে ৯ উইকেট। ফলে দ্বিতীয় দিনে বড় সংগ্রহ গড়ার সুযোগ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ২০০৩ সালের সেই হতাশার স্মৃতিকে পেছনে ফেলে ডারউইনে ইতিহাস বদলের দারুণ সম্ভাবনাই এখন সামনে টাইগারদের।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ