ATN
শিরোনাম
  •  

সিয়ামকে নিয়ে নতুন রূপে রাফী, ‘আন্ধার’-এ ডিটেকটিভ দেলোয়ার

         
সিয়ামকে নিয়ে নতুন রূপে রাফী, ‘আন্ধার’-এ ডিটেকটিভ দেলোয়ার

সিয়ামকে নিয়ে নতুন রূপে রাফী, ‘আন্ধার’-এ ডিটেকটিভ দেলোয়ার

২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষেক রায়হান রাফীর। একই সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন অভিনেতা সিয়াম আহমেদ। অভিষেকের পর নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছেন দুজনই। এরই মধ্যে একসঙ্গে উপহার দিয়েছেন বেশ কিছু আলোচিত সিনেমা।

দীর্ঘ আট বছর পর আবারও নতুন এক স্বপ্ন নিয়ে পর্দায় ফিরছেন রাফী ও সিয়াম। এবার তাদের সঙ্গী ভিন্নধর্মী ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিকে ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

সিনেমাটির বিভিন্ন চরিত্রের লুক ধাপে ধাপে প্রকাশ করছেন নির্মাতা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় চরিত্র ডিটেকটিভ দেলোয়ারের লুক। চরিত্রটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

রায়হান রাফী বলেন, তিনি প্রতিটি সিনেমায় নায়কদের আলাদা পরিচয়ে দর্শকের সামনে হাজির করার চেষ্টা করেন। ‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর চরিত্রগুলোর মধ্যে কোনো মিল নেই বলেও জানান তিনি। তবে এবার প্রথমবারের মতো একেবারে ক্লাসিক হিরোয়িক চরিত্র নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করেন নির্মাতা।

‘আন্ধার’-এর ডিটেকটিভ দেলোয়ার চরিত্রটি দেশের চলচ্চিত্রে প্রয়োজনীয় বলে মনে করেন রাফী। তার ভাষায়, বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একজন নায়ক দরকার, যিনি শার্লক হোমস বা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে লড়বেন এবং কোনো ব্যক্তিগত স্বার্থ বা প্রতিশোধের উদ্দেশ্য ছাড়াই বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াবেন।

এই চরিত্রের জন্য অনেক অভিনেতাকে ভাবার পর সিয়ামকেই উপযুক্ত মনে হয়েছে বলে জানান রাফী। শুটিং শেষ হওয়ার পর দেলোয়ার চরিত্রটির সঙ্গে সিয়ামকে এতটাই মানানসই মনে হয়েছে যে এখন অন্য কাউকে ওই চরিত্রে কল্পনা করতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।

‘আন্ধার’ নির্মিত হয়েছে ব্যান্ড তারকা সাইদুস সালেহীন খালেদ সুমন (বেজবাবা সুমন) ও শাকিব চৌধুরীর গল্প অবলম্বনে। সিনেমাটিতে সিয়ামের পাশাপাশি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, গাজী রাকায়েত ও আফসানা মিমিসহ আরও অনেকে।

চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে নির্দিষ্ট মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ