ATN
শিরোনাম
  •  

পূর্ণ সূর্যগ্রহণে দিনের আলো নিভে গেল, অন্ধকারে ডুবল স্পেন-আইসল্যান্ড

         
পূর্ণ সূর্যগ্রহণে দিনের আলো নিভে গেল, অন্ধকারে ডুবল স্পেন-আইসল্যান্ড

পূর্ণ সূর্যগ্রহণে দিনের আলো নিভে গেল, অন্ধকারে ডুবল স্পেন-আইসল্যান্ড

ইউরোপের বিভিন্ন দেশে বুধবার (১২ আগস্ট) বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে। চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলায় কয়েক মিনিটের জন্য দিনের আলো ম্লান হয়ে রাতের মতো অন্ধকার নেমে আসে। এ সময় সূর্যের বাইরের স্তর বা করোনা দৃশ্যমান হয়।

সূর্যগ্রহণের পূর্ণতার রেখা রাশিয়ার উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড পেরিয়ে আইসল্যান্ডে পৌঁছায়। এরপর এটি ইউরোপের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হয়। আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে ১৪৩৩ সালের পর এই প্রথম পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা গেছে।

স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে আইসল্যান্ডের কেফলাভিকে পূর্ণ অন্ধকার নেমে আসে। দেশটির পশ্চিমাঞ্চলে পূর্ণ গ্রহণ প্রায় ২ মিনিট ১৩ সেকেন্ড স্থায়ী হয়। রেইকিয়াভিকে স্থায়িত্ব ছিল এক মিনিটের কিছু বেশি।

এরপর স্পেনের বিভিন্ন এলাকায় দেখা যায় পূর্ণ সূর্যগ্রহণ। এক শতাব্দীরও বেশি সময় পর দেশটির মানুষ এমন বিরল মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ পান। স্পেনের পাশাপাশি পর্তুগালের কিছু এলাকাতেও পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে। ইউরোপের আরও কয়েকটি দেশে অবশ্য আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হয়।

পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের চাকতিকে সম্পূর্ণ আড়াল করে দেয়। ফলে চারপাশে গোধূলির মতো পরিবেশ তৈরি হয় এবং তাপমাত্রাও সাময়িকভাবে কিছুটা কমে যায়। বিরল এই দৃশ্য উপভোগ করতে আইসল্যান্ড ও স্পেনসহ বিভিন্ন দেশে হাজারো মানুষ জড়ো হন। অনেক পর্যটকও বিশেষভাবে সূর্যগ্রহণ দেখার জন্য এসব দেশে ভ্রমণ করেন।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, আগামী বছর ২০২৭ সালের আগস্টেও আরেকটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। এর পূর্ণতার পথ স্পেনের দক্ষিণাঞ্চল ও উত্তর আফ্রিকার ওপর দিয়ে যাবে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ