ATN
শিরোনাম
  •  

শাড়ি নিয়ে মামলায় তানজিন তিশার আত্মসমর্পণ, মিলল জামিন

         
শাড়ি নিয়ে মামলায় তানজিন তিশার আত্মসমর্পণ, মিলল জামিন

তানজিন তিশা

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।

জামিন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তানজিন তিশা বলেন, প্রায় ২৭ হাজার টাকা মূল্যের একটি শাড়ি আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের কথা উল্লেখ করে তিনি বলেন, একটি শাড়ির জন্য আদালতে আসতে হবে—বিষয়টি তার কাছে কাম্য নয়। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আদালতে হাজির হয়েছেন তিনি।

তিশার দাবি, মামলায় তার বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ করা হয়েছে। তিনি কোনো শাড়ি আত্মসাৎ বা প্রতারণা করেননি বলেও দাবি করেন।

মামলার বাদী একজন নারী উল্লেখ করে তিশা বলেন, ওই নারী তার স্বামীর ক্ষমতা ব্যবহার করে তার বিরুদ্ধে মামলা করেছেন এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলেও জানান অভিনেত্রী। তিনি আরও বলেন, মামলার বাদীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না।

আদালতে আত্মসমর্পণের পর তিশার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী নিহার হোসেন ফারুক। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করলে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে যান অভিনেত্রী। এ সময় তাকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন দেয় পুলিশ। পরে আদালত সেই প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই তিশাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

সেই সমনের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ