ATN
শিরোনাম
  •  

আরও ১২ জেলায় চালু হলো ই-বেইল বন্ড, জামিনে কমবে ভোগান্তি

         
 আরও ১২ জেলায় চালু হলো ই-বেইল বন্ড, জামিনে কমবে ভোগান্তি

জামিনে কমবে ভোগান্তি

মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে দেশের আরও ১২টি জেলায় ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার সকালে সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন ১২ জেলায় ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী।

নতুন করে যুক্ত হওয়া জেলাগুলো হলো—টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।

উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ই-বেইল বন্ড চালুর ফলে বিচারপ্রার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থায় এক ক্লিকেই জামিনের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি বলেন, সরকার হয়রানিমুক্ত আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। একই সঙ্গে মামলার দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব জেলা দ্রুত মামলা নিষ্পত্তিতে ভালো পারফরম্যান্স করবে, তাদের উৎসাহিত করতে পুরস্কারের ব্যবস্থাও করা হবে।

আইনমন্ত্রী আরও বলেন, অনেক সময় জামিনে মুক্তির পর কিছু আসামি আবারও অপরাধে জড়িয়ে পড়েন। এ কারণে বিচারব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বছরের পর বছর মামলা চলতে থাকলে সরকারের বিপুল অর্থ ব্যয় হয় উল্লেখ করে তিনি বলেন, দ্রুত বিচার নিশ্চিত করা গেলে একদিকে বিচারপ্রার্থীদের হয়রানি কমবে, অন্যদিকে রাষ্ট্রের সময় ও অর্থেরও সাশ্রয় হবে।

নতুন ১২ জেলায় ই-বেইল বন্ড চালুর ফলে জামিন কার্যক্রমে স্বচ্ছতা ও গতি বাড়ার পাশাপাশি বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ