ATN
শিরোনাম
  •  

আজই জানা যাবে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম

         
আজই জানা যাবে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর নাম আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে আজই দলীয় প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠক শেষে দুপুর ১টার দিকে মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে বিএনপির। মনোনয়নপত্রে দলের একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হিসেবে স্বাক্ষর করতে হবে। মূলত এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত আগেই চূড়ান্ত করে রেখেছে বিএনপি। দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি সর্বসম্মতভাবে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যানকে দিয়েছে।

বিতর্ক এড়াতে সচিবালয়ের আজকের বৈঠককে বিএনপির স্থায়ী কমিটির আনুষ্ঠানিক সভা হিসেবে দেখানো হচ্ছে না। তবে বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নসংক্রান্ত প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে আলোচিত হচ্ছে। তবে বুধবার পর্যন্ত বিএনপির পক্ষ থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদের নাম ঘোষণা করেছে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় আজই পরিষ্কার হয়ে যাবে, বিএনপির পক্ষ থেকে শেষ পর্যন্ত কাকে প্রার্থী করা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ