ATN
শিরোনাম
  •  

১৫ দিনের ব্যবধানে আবারও চুয়েটের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

         
১৫ দিনের ব্যবধানে আবারও চুয়েটের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কাজী নজরুল ইসলাম হল ও শহীদ মোহাম্মদ শাহ হলের মধ্যবর্তী পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অর্ণব চন্দ (২২) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শান্ত দেব (২৩)। দুজনই বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচের শিক্ষার্থী এবং সিলেটের বাসিন্দা।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে অর্ণব চন্দ ও শান্ত দেব পুকুরে নেমে আনন্দ করছিলেন। একপর্যায়ে তারা পুকুরের দুই পাশ থেকে সাঁতরে পার হওয়ার প্রতিযোগিতায় নামেন। মাঝপথে দুজনেই ক্লান্ত হয়ে পড়েন। পরে একে অপরকে ধরে ফেললে দুজন একসঙ্গে পানিতে তলিয়ে যান।

ঘটনাটি দেখে কয়েকজন শিক্ষার্থী দ্রুত পুকুরে নেমে অর্ণব চন্দকে উদ্ধার করেন। তবে শান্ত দেবকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি। পরে রাঙ্গুনিয়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর দুজনকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থীরা জানান, ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ৪০ মিনিট সময় লেগেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা হাসপাতালে আছি। দু’জনেই মারা গেছেন। বিস্তারিত পরে জানাচ্ছি।’

এর আগে গত ২৮ জুলাই সন্ধ্যায় একই পুকুরে ডুবে অর্ণব সাহা নামে চুয়েটের আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার বাড়ি ফেনী জেলায়।

একই পুকুরে মাত্র ১৫ দিনের ব্যবধানে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ