ATN
শিরোনাম
  •  

বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী

         
বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: পর্যটনমন্ত্রী

মন্ত্রী আফরোজা খানম। ফাইল ছবি

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে আন্তর্জাতিক মানের ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ‘ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি-বেসরকারি খাতের অংশীদারিত্ব ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও পর্যটন খাতে উন্নয়নের নজির তুলনামূলকভাবে কম। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, বর্তমান সরকারের মাত্র পাঁচ মাসের সময়েই পর্যটন খাতের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠার এই যাত্রা সহজ নয়। এ জন্য পর্যটন খাতের সব অংশীজনের সহযোগিতা প্রয়োজন।

আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ ও যাচাই করা প্রয়োজন। এ কারণে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে তথ্যের ঘাটতি দূর করতে প্রতি মাসে বেসরকারি অংশীজনদের সঙ্গে বৈঠক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পর্যটনমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ‘এসডিজি ভিলেজ’—রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগরসহ দেশের আরও কয়েকটি গ্রামকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, দেশের ৬৪ জেলার পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলোকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে চায় সরকার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আখতার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুর রউফ।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ