ATN
শিরোনাম
  •  

পল্লবীতে গুলির ঘটনায় ‘ল্যাংড়া রুবেল’সহ ৫ জন গ্রেপ্তার

         
পল্লবীতে গুলির ঘটনায় ‘ল্যাংড়া রুবেল’সহ ৫ জন গ্রেপ্তার

পল্লবীতে গুলির ঘটনায় ‘ল্যাংড়া রুবেল’সহ ৫ জন গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে মাদকদ্রব্য বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গুলির ঘটনায় কথিত মাদক ব্যবসায়ী ‘ল্যাংড়া রুবেল’সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হামিদ খান ওরফে মাখন, ল্যাংড়া রুবেল, তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পা, পারভেজ ও রাব্বী। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, এক হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

ডিবি সূত্র জানায়, গত শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পল্লবীর সেকশন-১১ এলাকায় ইমনের চায়ের দোকানের সামনে গুলির ঘটনা ঘটে। এতে আলমগীর নামে এক ব্যক্তি পেটে ও মাথায় গুলিবিদ্ধ হন। একই ঘটনায় জোসনা নামে এক পথচারী নারী পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে আলমগীরের স্ত্রী বাদী হয়ে পল্লবী থানায় হত্যা চেষ্টার মামলা করেন।

মামলার পর ডিবি মিরপুর বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গোলাগুলিতে ব্যবহৃত একটি টয়োটা প্রিমিও গাড়ি শনাক্ত করা হয়। পরে গাড়িটির নিবন্ধিত মালিক হামিদ খান ওরফে মাখনকে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবির দাবি, জিজ্ঞাসাবাদে হামিদ জানান, গাড়িটি তার নামে নিবন্ধিত হলেও এর প্রকৃত মালিক ল্যাংড়া রুবেল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রুবেলের সহযোগী পারভেজ ও রাব্বীকে পল্লবীর কালশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রুবেলের ব্যবহৃত একটি সাদা টয়োটা ভক্সি গাড়ি উদ্ধার করা হয়। পরে গাড়িটির ভেতর থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এরপর পারভেজ ও রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতে রূপনগর থানার ইস্টার্ন হাউজিংসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় ডিবি। সেখান থেকে ল্যাংড়া রুবেল ও তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মাদকদ্রব্য বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে ডিবি। সংস্থাটি আরও জানায়, গ্রেপ্তার ল্যাংড়া রুবেলসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলার পাশাপাশি অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করার প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ