ATN
শিরোনাম
  •  

বাবার শোকে মেসি, অনির্দিষ্ট ছুটিতে মায়ামির তারকা

         
বাবার শোকে মেসি, অনির্দিষ্ট ছুটিতে মায়ামির তারকা

বাবার শোকে মেসি, অনির্দিষ্ট ছুটিতে মায়ামির তারকা

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর গভীর শোকে আছেন লিওনেল মেসি। শেষ বিদায় জানাতে আর্জেন্টিনার রোজারিওতে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে ফেরার সময়ও পিছিয়ে দিয়েছেন ইন্টার মায়ামির এই তারকা। ফলে সামনে মায়ামির একাধিক ম্যাচে মেসির অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

লিগস কাপে লিওনের বিপক্ষে মায়ামির শেষ গ্রুপ ম্যাচের আগে মেসির পরিস্থিতি নিয়ে কথা বলেছেন দলের কোচ গুইলেরমো হোয়োস। মেসির বাবার মৃত্যুতে পুরো দলই শোকাহত বলে জানিয়েছেন তিনি।

হোয়োস বলেন, ‘লিওর সঙ্গে কী হয়েছে, সেটা আমরা সবাই জানি। এটা একটি বিশাল ট্র্যাজেডি। আমরা তার পরিবারের সঙ্গে এই শোক গভীরভাবে অনুভব করছি।’

মেসির বর্তমান মানসিক অবস্থার কথা বলতে গিয়ে মায়ামি কোচ আরও বলেন, ‘এমন সময়ে আমরা কী অনুভব করছি, তা প্রকাশ করার মতো যথেষ্ট ভাষা খুঁজে পাওয়া কঠিন। এই ধরনের কষ্ট থেকে বেরিয়ে আসতে সময় লাগে। আমরা এখন সেই বাস্তবতার মুখোমুখি। এই বেদনা অত্যন্ত গভীর।’

বাবা হোর্হে মেসি শুধু মেসির বাবা নন, তাঁর দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গীও ছিলেন। রোজারিওর কাছের শহর পেরেজের এল প্রাদো সমাধিক্ষেত্রে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ব্যক্তিগত আয়োজনে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

শেষকৃত্যের পর মেসি যুক্তরাষ্ট্রে ফেরার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম দোবলে আমারিলা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে মেসির দায়িত্ব সাময়িকভাবে স্থগিত থাকতে পারে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, লিগস কাপের বাকি ম্যাচগুলোতে মেসিকে দেখা নাও যেতে পারে। শুধু লিওনের বিপক্ষে ম্যাচ নয়, এমএলএসে ন্যাশভিল এসসি, ফিলাডেলফিয়া ইউনিয়ন, টরন্টো এফসি ও সিএফ মন্ট্রিলের বিপক্ষেও তাঁর খেলা অনিশ্চিত।

মেসির অনুপস্থিতি মায়ামির জন্য বড় ধাক্কা হতে পারে। লিগস কাপে রায়াডোসের কাছে হারের পরই কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণ কঠিন হয়ে গেছে দলটির। এর মধ্যে দলের সবচেয়ে বড় তারকাকে না পাওয়ায় চাপ আরও বাড়ছে।

বর্তমানে মেসি কবে যুক্তরাষ্ট্রে ফিরবেন, তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরে আবার মায়ামির সঙ্গে যোগ দিতে পারেন আর্জেন্টাইন মহাতারকা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ