ATN
শিরোনাম
  •  

জনগণের সক্ষমতা বাড়লেই শক্তিশালী হবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

         
জনগণের সক্ষমতা বাড়লেই শক্তিশালী হবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

জনগণের সক্ষমতা বাড়লেই শক্তিশালী হবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করাও জরুরি। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের কথা বলার সুযোগ সীমিত করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানকে আরও শক্তিশালী করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। জনগণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দেবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রকৃত উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে সরকার আন্তরিক। উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হলে একদিকে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে মানুষের জীবনযাত্রার নিরাপত্তা ও সামগ্রিক অর্থনীতির উন্নতি ঘটবে।

তিনি বলেন, ‘আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই, যেখানে সবাই বর্তমানে যে অবস্থায় আছে, তার চেয়ে ভালো অবস্থানে থাকবে।’ এটিই সরকারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বলেও উল্লেখ করেন তিনি।

বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ অবশ্যই প্রয়োজন এবং সরকার তা চায়। তবে দেশের নিজস্ব বিনিয়োগকারী ও উদ্যোক্তাদেরও উৎসাহিত করতে হবে। ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যতটুকু নীতি সহায়তা প্রয়োজন, তা দেওয়া হবে।

সরকারের নীতির মূল উদ্দেশ্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সুযোগ সৃষ্টি করা—উল্লেখ করে তারেক রহমান বলেন, সবার সহযোগিতায় একটি সুন্দর, সমৃদ্ধ ও শক্তিশালী দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানের শেষ দিকে রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকলের দায়িত্ব নেওয়া দুই ব্যবসায়ী গ্রুপকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। নতুন বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সফল হবে এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফাসহ বিজেএমসি ও লিজ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ