ATN
শিরোনাম
  •  

তারেক রহমানকে ভারত সফরের পৃথক আমন্ত্রণ, ব্রিকস সম্মেলনেও যোগ দেওয়ার আহ্বান

         
তারেক রহমানকে ভারত সফরের পৃথক আমন্ত্রণ, ব্রিকস সম্মেলনেও যোগ দেওয়ার আহ্বান

তারেক রহমানকে ভারত সফরের পৃথক আমন্ত্রণ, ব্রিকস সম্মেলনেও যোগ দেওয়ার আহ্বান

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৃথক দুই উপলক্ষে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সফরের জন্য এবং অন্যটি দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আগের দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক হয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

তিনি আরও বলেন, “আমরা দ্বিপাক্ষিক সফর এবং একইসঙ্গে দিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে আমরা পরবর্তী সময়ে আরও তথ্য জানাব।”

তবে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। সোমবার এ কথা জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিকস সম্মেলনে আমন্ত্রণটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “ব্রিকসে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে চেয়ারপারসন অব বিমসটেককে। এই পার্থক্যটা আপনারা বোঝার চেষ্টা করেন।”

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছিলেন। বাংলাদেশে নতুন সরকার গঠনের দিন ওই চিঠি হস্তান্তর করা হয়। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিমসটেকের বর্তমান চেয়ারপারসন হিসেবে ওই আয়োজনে তারেক রহমানকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত।

ব্রিকসের আউটরিচ পর্বের জন্য পাঠানো আমন্ত্রণপত্রে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়নি। সেখানে তাকে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৃথক একটি আমন্ত্রণপত্রে বাংলাদেশের সরকারপ্রধান তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

ফলে দুই দেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠক এবং দিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব—দুই বিষয়েই এখন ঢাকার সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ