ATN
শিরোনাম
  •  

স্ত্রীসহ হত্যার হুমকি, পুলিশের দ্বারস্থ সৌরভ গাঙ্গুলী

         
স্ত্রীসহ হত্যার হুমকি, পুলিশের দ্বারস্থ সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী

একের পর এক হুমকির চিঠি পাওয়ার পর পুলিশের দ্বারস্থ হয়েছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সর্বশেষ একটি চিঠিতে তাকে ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাঙ্গুলীর লিখিত অভিযোগের পর চিঠিগুলোর প্রেরককে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। চিঠিগুলো কোথা থেকে পাঠানো হয়েছে এবং কুরিয়ার সংস্থার মাধ্যমে সেগুলো কীভাবে গাঙ্গুলীর কাছে পৌঁছেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সৌরভ গাঙ্গুলী। সর্বশেষ হুমকির চিঠি পাওয়ার পর তিনি দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় যান। সোমবার তার কার্যালয়ে চিঠিটি পৌঁছায়।

পুলিশ জানিয়েছে, প্রায় ছয় মাস ধরে গাঙ্গুলীর নামে একাধিক চিঠি আসছিল। তবে শুরুতে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি।

গাঙ্গুলীর ব্যবস্থাপকের করা অভিযোগ অনুযায়ী, সোমবার তার কার্যালয়ে দুটি চিঠি আসে। ওই চিঠিগুলোতে গাঙ্গুলী ও তার স্ত্রীকে হত্যার পাশাপাশি তাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের ক্ষতি করার সরাসরি হুমকি দেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা জানান, তদন্তকারীরা চিঠিগুলোর বক্তব্য বিশ্লেষণ করছেন। একই সঙ্গে প্রেরকের পরিচয় এবং হুমকি দেওয়ার পেছনে তার উদ্দেশ্য কী, তা জানার চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কুরিয়ার সংস্থার মাধ্যমে চিঠিগুলো পাঠানো হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়া এলাকার কোনো ব্যক্তি এগুলো পাঠিয়ে থাকতে পারেন বলেও প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

চিঠি পাঠাতে ব্যবহৃত একটি মুঠোফোনের সিম কার্ডের গতিবিধিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পার্সেলগুলোর বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কুরিয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা বলেন, কুরিয়ার সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলে একটি মুঠোফোন নম্বরের সন্ধান পাওয়া গেছে। এখন ওই নম্বরটির অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

কলকাতা পুলিশের তদন্তকারীরা খতিয়ে দেখছেন, সবগুলো চিঠি একই ব্যক্তি পাঠিয়েছেন কি না। একই সঙ্গে সৌরভ গাঙ্গুলী ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার প্রকৃত কারণও জানার চেষ্টা চলছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ