ATN
শিরোনাম
  •  

চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

         
চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শাহরাস্তির বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে যশোরগামী আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধার কার্যক্রমে যোগ দেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা আক্তার জানান, ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, আহতদের কয়েকজনের অবস্থা ভালো নয়। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ