ATN
শিরোনাম
  •  

রবিন-দিপুর অর্ধশতক আর বর্ষণের হ্যাটট্রিকে জিতল বাংলাদেশ

         
রবিন-দিপুর অর্ধশতক আর বর্ষণের হ্যাটট্রিকে জিতল বাংলাদেশ

রবিন-দিপুর অর্ধশতক আর বর্ষণের হ্যাটট্রিকে জিতল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। বল হাতে রোহানতদৌলা বর্ষণের দুর্দান্ত পাঁচ উইকেটের পর ব্যাট হাতে মাহফিজুল ইসলাম রবিন ও শাহাদাত হোসেন দিপুর অর্ধশতকে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।

এই জয়ের মধ্য দিয়ে ফাইনালের আগে নিজেদের প্রস্তুতিটাও ভালোভাবেই সেরে নিল বাংলাদেশ ইমার্জিং দল। আগামী ১২ আগস্ট ফাইনালে আবারও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। জেপি কিংকে ৫০ বলে ২৫ রানে ফিরিয়ে দেন আবু হাসিম। এর আগে জুমাকে সাজঘরে পাঠান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

এরপর প্রোটিয়া ব্যাটিং লাইনআপে ধস নামান রোহানতদৌলা বর্ষণ। অঙ্কগোমোডিটসে সেলেটসওয়ানেকে শূন্য রানে ফেরানোর পর ড্যানিয়েল স্মিথ ও পিরিকেকে গোল্ডেন ডাকে সাজঘরে পাঠান তিনি। বর্ষণের দুর্দান্ত বোলিংয়ে দ্রুতই চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার।

তবে মাঝের দিকে প্রতিরোধ গড়েন ভ্যান বুরেন ও শ্লাল্ক এঙ্গেলব্রেক। ভ্যান বুরেন ১০৬ বলে ৭৩ রান এবং এঙ্গেলব্রেক ৫৮ বলে ৪৫ রান করেন। শেষ পর্যন্ত ১৬৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।

বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন রোহানতদৌলা বর্ষণ। আমিনুল ইসলাম বিপ্লব শিকার করেন ২ উইকেট। এছাড়া চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, সামিউন বশির রাতুল ও আবু হাসিম নেন একটি করে উইকেট।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন মাহফিজুল ইসলাম রবিন ও জাকির হাসান। উইকেটের চারপাশে দারুণ কিছু শট খেললেও ২৬ বলে ২০ রান করে বিদায় নেন জাকির।

এরপর রবিনের সঙ্গে জুটি গড়েন শাহাদাত হোসেন দিপু। দুজনের সাবলীল ব্যাটিংয়ে নিয়ন্ত্রণে চলে আসে বাংলাদেশের ইনিংস। ৯৯ বলে ৬১ রানের কার্যকর ইনিংস খেলে রবিন ফিরলেও জয়ের পথে তখন অনেকটাই এগিয়ে বাংলাদেশ।

পরে দিপুর সঙ্গে যোগ দেন ইফতিখার হোসেন ইফতি। শেষ পর্যন্ত ৬৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ ইমার্জিং দল।

দিপু ৯০ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। ইফতিখার হোসেন ইফতি অপরাজিত থাকেন ১৫ বলে ৮ রানে।

বল হাতে বর্ষণের পাঁচ উইকেট এবং ব্যাট হাতে রবিন-দিপুর দৃঢ়তায় বড় জয় নিয়ে ফাইনালের আগে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল বাংলাদেশ ইমার্জিং দল।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ