ATN
শিরোনাম
  •  

কুরিয়ার সার্ভিসে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে নারীর সংবাদ সম্মেলন

         
কুরিয়ার সার্ভিসে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে নারীর সংবাদ সম্মেলন

কুরিয়ার সার্ভিসে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে নারীর সংবাদ সম্মেলন

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাইসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মোছা. শারমিন জাহান মিতা নামে এক নারী। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং হুমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

রোববার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলী এলাকার লিটন টাওয়ারের একটি হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে লিখিত বক্তব্যে শারমিন জাহান মিতা এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার বাবা ফেরদৌস আহম্মেদ, ভাই মো. মিজানুর রহমান এবং বোন মহুয়া আক্তার মৌয়ের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষের পক্ষ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শারমিন জাহান মিতা বলেন, এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে হুমকির ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

এ ছাড়া অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার ও তার পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন ধরনের কুৎসা ও অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে শারমিন জাহান মিতা নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ