ATN
শিরোনাম
  •  

অপারেশন টেবিলেও গান গাইলেন সোনু নিগম

         
অপারেশন টেবিলেও গান গাইলেন সোনু নিগম

অপারেশন টেবিলেও গান গাইলেন সোনু নিগম

অপারেশন থিয়েটারের টেবিলে শুয়ে আছেন রোগী। পাশে অস্ত্রোপচারের প্রস্তুতিতে চিকিৎসক ও মেডিকেল টিম। এমন উদ্বেগ আর ব্যথার মুহূর্তেও গান থামেনি ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগমের। অস্ত্রোপচারের সময়ই চিকিৎসকদের জন্য গান গেয়ে শোনালেন তিনি।

রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই বিশেষ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছেন সোনু নিগম। ভিডিওতে দেখা যায়, অপারেশন টেবিলে শুয়ে ১৯৪৯ সালের হিন্দি সিনেমা ‘দুলারি’র জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢাল চুকি’ গাইছেন তিনি। গানটির মূল শিল্পী ছিলেন কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফি।

ভিডিওটির ক্যাপশনে সোনু লিখেছেন, ‘আমার অস্ত্রোপচারের সময় প্রিয় ডা. নিলেশ সতভাই ও তার আন্তরিক টিমের জন্য গাইলাম। ব্যথার মধ্যেও গাইছি, এটাই তো সংগীতের আনন্দ!’

সোনুর এই আবেগঘন মুহূর্ত ইতোমধ্যে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে সাড়া ফেলেছে। জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল তার দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করেছেন। সংগীতের প্রতি সোনুর নিষ্ঠা এবং এমন কঠিন পরিস্থিতিতেও গান গাওয়ার মানসিকতার প্রশংসা করে তিনি একে অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন।

গায়ক ও সংগীত পরিচালক বিশাল মিশ্রও সোনুর প্রতি ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘এ কারণেই আপনি আমার ভগবান। দ্রুত সুস্থ হয়ে উঠুন ভাইয়া।’

এ ছাড়া বলিউডের আরও অনেক তারকা ও সোনুর ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘কী অসাধারণ কণ্ঠ! দয়া করে নিজের যত্ন নিন, দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ আরেকজন তাকে ‘ঈশ্বরের কণ্ঠ’ আখ্যা দিয়ে দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তবে ঠিক কী কারণে সোনু নিগমের অস্ত্রোপচার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এর আগে গত জুনে স্নায়ু-সংক্রান্ত একটি যন্ত্রণাদায়ক শারীরিক সমস্যার কথা জানিয়েছিলেন এই গায়ক। তখন তিনি জানিয়েছিলেন, সমস্যাটির জন্য চিকিৎসা নিচ্ছেন এবং কয়েক দফা এমআরআই ও সিটি স্ক্যান করিয়েছেন।

এবারের অস্ত্রোপচার ওই শারীরিক সমস্যার চিকিৎসারই অংশ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অপারেশন টেবিলেও গান গেয়ে সোনু নিগম যেন আরও একবার দেখিয়ে দিলেন—সংগীত তার কাছে শুধু পেশা নয়, কঠিন সময়েও শক্তি ও আনন্দের উৎস।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ