ATN
শিরোনাম
  •  

রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ঢাকায় বিমানের সেই ফ্লাইট

         
রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ঢাকায় বিমানের সেই ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইনস

প্রায় ৪০ ঘণ্টা রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকার পর অবশেষে ঢাকায় পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-রোম-ঢাকা রুটের বিজি-৩০৬ ফ্লাইট। কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি রোমে গ্রাউন্ডেড হওয়ায় আড়াই শতাধিক যাত্রীকে দীর্ঘ সময় বিমানবন্দরে চরম দুর্ভোগ পোহাতে হয়।

রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিজি-৩০৬। শুক্রবার রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে।

প্রায় আট ঘণ্টা চেষ্টা করেও ত্রুটি সমাধান করা সম্ভব না হওয়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড ঘোষণা করা হয়। পরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নেওয়া হয়।

তবে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় তাদের বিমানবন্দরের বাইরে কোনো হোটেলে নেওয়া সম্ভব হয়নি। ফলে দীর্ঘ সময় বিমানবন্দরের লাউঞ্জ ও বিভিন্ন স্থানে অবস্থান করতে হয় যাত্রীদের।

যাত্রীদের অভিযোগ, ত্রুটি ধরা পড়ার পর প্রায় আট ঘণ্টা তাদের উড়োজাহাজের ভেতরেই অপেক্ষা করতে হয়। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরে লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সব যাত্রীর জায়গা হয়নি। অনেককে মেঝে ও চেয়ারে রাত কাটাতে হয়েছে।

দীর্ঘ অপেক্ষার মধ্যে খাবার পেতেও দেরি হয়েছে বলে অভিযোগ করেন কয়েকজন যাত্রী। তাদের দাবি, লাগেজ উড়োজাহাজে থাকায় প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন সময়মতো ব্যবহার করতে পারেননি অনেকে।

এদিকে উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে একটি প্রকৌশলী দল শনিবার রোমের উদ্দেশে পাঠানো হয়। বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে দলটি রোমে পৌঁছানোর পর মেরামতের কাজ শুরু হয়।

ত্রুটি মেরামত ও প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ৪০ ঘণ্টার ভোগান্তির পর রোববার দুপুরে ঢাকায় পৌঁছান বিজি-৩০৬ ফ্লাইটের যাত্রীরা।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ