ATN
শিরোনাম
  •  

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

         
রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচন

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, একজন প্রার্থীর জন্যই মনোনয়নপত্র নেওয়া হয়েছে। তবে কোনো ধরনের ভুল-ত্রুটি এড়াতে দুটি ফরম সংগ্রহ করা হয়েছে। কোনো ব্যক্তির নামে ফরম দুটি সংগ্রহ করা হয়নি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে একই প্রার্থীর একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। এর আগে ২০২৩ সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগও রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। ওই সময় মো. সাহাবুদ্দিনের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। একটি মনোনয়নপত্র বৈধ হলে অন্যগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে। নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আর ভোট গ্রহণ হবে ২০ আগস্ট।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ