ATN
শিরোনাম
  •  

জীবননগর সীমান্তে ৩ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

         
জীবননগর সীমান্তে ৩ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

জীবননগর সীমান্ত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে তিনজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশ-ইনের চেষ্টা করা তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

বিজিবি জানায়, রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে এ ঘটনা ঘটে।

সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর অবস্থিত গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ওই তিনজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেন। বাংলাদেশে প্রবেশের আগেই মাধবখালী বিওপির টহলদলের নজরে পড়েন তারা।

এ সময় বিজিবি সদস্যরা শূন্যলাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে তিনজন সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।

পরে ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে তারা ভারতের কাঁটাতারের কাছে ফিরে যান। এরপর সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ৬৮/৫-এস বরাবর একটি গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের তাৎক্ষণিক ও দৃঢ় তৎপরতার কারণে বিএসএফের পুশ-ইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। এ বিষয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ