ATN
শিরোনাম
  •  

সরকারি আমন্ত্রণে চার দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

         
সরকারি আমন্ত্রণে চার দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রোববার সিঙ্গাপুর যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এটি মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরটিকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রীসহ দেশটির বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন শামা ওবায়েদ।

সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও তার প্রতিনিধিদল। সিঙ্গাপুর বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাবেন বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং সিঙ্গাপুরের জন্য বাংলাদেশের নিযুক্ত নন-রেসিডেন্ট হাইকমিশনার। সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে প্রতিনিধিদলের সম্মানে অভ্যর্থনা নৈশভোজের আয়োজন করা হবে।

সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ অবদানের স্বীকৃতি দিতে সোমবার সন্ধ্যায় আয়োজিত ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে সিঙ্গাপুরভিত্তিক বন্দর অপারেটর পিএসএ ইন্টারন্যাশনাল পরিদর্শন করবেন শামা ওবায়েদ। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে প্রতিষ্ঠানটির সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, বে টার্মিনাল প্রকল্পে পিএসএর সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার। তবে প্রতিষ্ঠানটির সঙ্গে চূড়ান্ত কনসেশন বা অপারেটিং চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি। এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

এ ছাড়া একইদিন সিঙ্গাপুরের জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাসের সঙ্গে বৈঠক করবেন শামা ওবায়েদ। বৈঠকে বাংলাদেশ থেকে বৈধপথে কর্মী পাঠানো এবং মানবসম্পদ রপ্তানির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

দুপুরে সিঙ্গাপুরের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনাইন বিন আব্দুল রহিমের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। পরে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সফরের অংশ হিসেবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান তুয়াসওয়ানও পরিদর্শন করবেন শামা ওবায়েদ। টেকসই উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর সহযোগিতার সম্ভাবনা নিয়ে এ সফরে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর।

সংশ্লিষ্টরা আশা করছেন, শামা ওবায়েদের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সিঙ্গাপুরের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি তৈরি হবে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, বন্দর ও লজিস্টিকস, প্রযুক্তি, জনশক্তি এবং টেকসই উন্নয়ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারিত হতে পারে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ