ATN
শিরোনাম
  •  

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি, ডি পলের গোল উৎসর্গ

         
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি, ডি পলের গোল উৎসর্গ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন লিওনেল মেসি। শনিবার রাতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের সঙ্গে সেখানে যান আর্জেন্টাইন তারকা।

স্থানীয় সময় শুক্রবার থেকে শনিবারের মধ্যবর্তী রাত ২টার দিকে মারা যান হোর্হে মেসি। মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। তবে ৬৮ বছর বয়সী হোর্হে মেসি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

এএফপির তথ্য অনুযায়ী, ফোর্ট লডারডেল থেকে রওনা হয়ে শনিবার রাত ৮টা ৪০ মিনিটে রোজারিওতে পৌঁছান মেসি। পরে পুলিশের নিরাপত্তাবেষ্টনীতে একটি ভ্যানে করে বিমানবন্দর ছাড়েন তিনি। রোজারিওর কাছের শহর পেরেজে হোর্হে মেসিকে সমাহিত করা হবে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শেষকৃত্যের আয়োজন হবে একান্ত পারিবারিক পরিসরে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই হোর্হে মেসিকে শেষ বিদায় জানানো হবে। তবে কবরস্থানের ফটকে এরই মধ্যে ভিড় করেছেন মেসির অসংখ্য ভক্ত। প্রিয় তারকার কঠিন সময়ে পাশে থাকতেই সেখানে জড়ো হয়েছেন তারা।

মেসির পুরো ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার বাবা হোর্হের। কখনো অভিভাবক, কখনো এজেন্ট হিসেবে ছেলের পাশে থেকেছেন তিনি। বাবাকে শেষ বিদায় জানানোর পাশাপাশি শোকাহত মা সেলিয়ার পাশেও থাকতে চান মেসি।

বাবার মৃত্যুর কারণে ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের গ্রুপ পর্বে মন্টেরির বিপক্ষে ম্যাচ থেকে মেসিকে অব্যাহতি দেওয়া হয়। শেষকৃত্যের পর দ্রুত তাকে মায়ামিতে ফেরানোরও কোনো পরিকল্পনা নেই ক্লাবটির।

হোর্হে মেসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মেসি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ফুটবল বিশ্বের বিভিন্ন ক্লাব ও ব্যক্তিত্ব। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজসহ বিভিন্ন ক্লাব শোক প্রকাশ করেছে।

এদিকে মেসিকে ছাড়াই মন্টেরির বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ম্যাচ শুরুর আগে হোর্হে মেসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গ্যালারিতে সমর্থকেরা ‘ফোর্সা, লিও’—অর্থাৎ ‘শক্ত থাকো, লিও’ লেখা প্ল্যাকার্ড নিয়ে মেসির প্রতি সমর্থন জানান।

ম্যাচে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করার পর জার্সি খুলে নিচে থাকা মেসির ১০ নম্বর জার্সি দেখান তিনি।

আবেগঘন ওই উদযাপনের মধ্য দিয়ে গোলটি মেসির বাবা হোর্হে মেসির স্মৃতির প্রতি উৎসর্গ করেন ডি পল। একই সঙ্গে নিজের বন্ধু ও জাতীয় দলের অধিনায়ক মেসির প্রতিও জানান সমর্থন।

তবে শেষ পর্যন্ত ডি পলের গোলের পরও জয় পায়নি মায়ামি। মন্টেরির কাছে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে তারা।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ