ATN
শিরোনাম
  •  

২০২৮ কোপা আমেরিকায় মেসিকে খেলতে চাপ দেবে না আর্জেন্টিনা

         
২০২৮ কোপা আমেরিকায় মেসিকে খেলতে চাপ দেবে না আর্জেন্টিনা

২০২৮ কোপা আমেরিকায় মেসিকে খেলতে চাপ দেবে না আর্জেন্টিনা

২০২৮ সালের কোপা আমেরিকায় খেলতে লিওনেল মেসিকে কোনো ধরনের চাপ দেবে না আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে কখন খেলবেন, আর কখন খেলবেন না—সে সিদ্ধান্ত পুরোপুরি মেসির ওপরই ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।

৩৯ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পরও জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। ওই বিশ্বকাপে আট গোল ও চারটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি।

২০২৮ কোপা আমেরিকায় মেসি খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে স্থানীয় টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে তাপিয়া বলেন, ‘এটি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘মাঠে তাকে খেলতে দেখে আমি আনন্দ পেয়েছি। এই বিশ্বকাপে সে ছিল দলের মানদণ্ড, যেমনটা সে প্রতিটি প্রতিযোগিতাতেই খেলে এসেছে। তাকে নিজের ভেতর থেকে অনুভব করতে হবে যে সে খেলতে চায়। ২০২২ সালেও আমরা জানতাম না যে সে ২০২৬ সালে খেলবে কি না। সে বলেছিল, “একটি করে ম্যাচ” ধরে এগোবে। আর আমরা তাকে তার সেরা সময়ে দেখেছি, যদি না সেটিই তার সর্বকালের সেরা সময় হয়ে থাকে।’

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মেসি।

২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকাজয়ী মেসি আর্জেন্টিনার হয়ে রেকর্ড ২০৭ ম্যাচ খেলেছেন। আলবিসেলেস্তেদের হয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৫ গোল করে তিনি বর্তমানে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও।

ইন্টার মায়ামির অধিনায়ককে নিয়ে তাপিয়া আরও বলেন, ‘আমাদের তাকে নিয়ে গর্বিত হওয়া উচিত। সে যেন ফুটবল খেলা উপভোগ করে যেতে পারে, আমরাও যেন তাকে খেলতে দেখে আনন্দ পেতে পারি। আর সে যেন নিজের জন্য যেটিকে সঠিক মনে করে, সেই সিদ্ধান্তই নেয়।’

এদিকে, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিকেও দায়িত্বে রাখার চেষ্টা করছেন তাপিয়া। চলতি বছরের শেষেই স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন বলে জানিয়েছিলেন তিনি।

স্কালোনিকে নিয়ে তাপিয়া বলেন, ‘আমার প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি—সবই স্কালোনি। আমি চাই সে চালিয়ে যাক, আমরা সবাই চাই সে চালিয়ে যাক। তবে তার সিদ্ধান্তকে আমাকে সম্মান করতে হবে। তাকে ভাবার সময় দিতে হবে এবং সে যেটিকে সঠিক সিদ্ধান্ত মনে করে, সেটিই নিতে দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘সে যদি মনে করে তার আর প্রয়োজনীয় প্রেরণা নেই কিংবা ভবিষ্যতে সাফল্য পাওয়ার কোনো পথ দেখতে পাচ্ছে না, তাহলে তাকে জোর করে আটকে রাখতে পারি না।’

৪৮ বছর বয়সী স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে সফল কোচ। ২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি টানা তিনটি বড় আন্তর্জাতিক শিরোপা জিতেছেন—২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা।

জাতীয় দলের প্রশংসা করে তাপিয়া আরও বলেন, বিশ্বকাপের সময় দলটি আবারও পুরো আর্জেন্টাইন জাতিকে একত্রিত করেছে।

তার ভাষায়, ‘এটি সর্বকালের সেরা জাতীয় দল। জাতীয় দল পুরো আর্জেন্টাইন জনগণের জীবনে আনন্দ এনে দিয়েছে। এটি মানুষকে একটি দলের সঙ্গে নিজেদের একাত্ম করতে পেরেছে।’

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ