ATN
শিরোনাম
  •  

আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

         
আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক দাফন হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে।

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও এ দেশের মানুষের বিরুদ্ধে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। একজন দণ্ডিত এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপরাধী হয়েও শেখ হাসিনা যেভাবে বিশ্ব মিডিয়ায় কথা বলার সুযোগ পাচ্ছেন, তার দায় ভারত এড়াতে পারে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এর প্রতিবাদ জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো ফ্যাসিস্ট বা গণহত্যাকারীকে এ ধরনের সুযোগ দেওয়া সমর্থনযোগ্য নয়।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, পারস্পরিক মর্যাদা, সম্মান এবং বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে ভারতসহ সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বিএনপি। তবে বিএনপি কখনোই আওয়ামী লীগের মতো নতজানু নীতি অনুসরণ করবে না।

জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে তিনি বলেন, এটি কেবল ৩৬ দিনের আন্দোলনের ফল নয়, বরং গত ১৭ বছরের ধারাবাহিক সংগ্রামের চূড়ান্ত পরিণতি। শিক্ষার্থীদের সম্মুখসারির নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে তিনি বলেন, এই অর্জনের পেছনে দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য। একে ক্ষুদ্র পরিসরে দেখা রাজনৈতিক অপরিপক্বতা।

জাতিসংঘের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গণঅভ্যুত্থান চলাকালে হেলিকপ্টার থেকে গুলিসহ বিভিন্নভাবে ১৪০০-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যার মধ্যে নারী ও শিশুও ছিল। এত বড় নৃশংসতার পরও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই এবং তিনি উল্টো আন্দোলনকারীদের ওপর দোষ চাপাচ্ছেন। তবে বর্তমানে শেখ হাসিনা ও তার কুশীলবদের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থান মানুষের চোখ খুলে দিয়েছে। যদি শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ব্যর্থ হওয়া হয়, তবে কারোই রাজনীতি করার অধিকার থাকবে না। এ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ