ATN
শিরোনাম
  •  

‘এমন ভুল না করলেও পারতাম’—অতীত নিয়ে আক্ষেপ শাকিব খানের

         
‘এমন ভুল না করলেও পারতাম’—অতীত নিয়ে আক্ষেপ শাকিব খানের

‘এমন ভুল না করলেও পারতাম’—অতীত নিয়ে আক্ষেপ শাকিব খানের

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও নানা আলোচনা-সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। এবার নিজের অতীতের কিছু সিদ্ধান্ত ও ভুল নিয়ে আক্ষেপের কথা জানালেন এই তারকা।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা এবং চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন শাকিব খান। আলাপচারিতার একপর্যায়ে জীবনে কোনো ভুল করেছেন কি না—উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তিনি অকপটে স্বীকার করেন, তার জীবনেও অনেক ভুল রয়েছে।

শাকিব খান বলেন, ‘অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার, বলছি। অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে।’

অতীতে এসব ভুল কেন হয়েছে—এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘ওই যে—কপাল। সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারত। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়।’

নিজের সঙ্গে একান্তে সময় কাটানোর সময় অতীতের এসব বিষয় তাকে ভাবায় বলেও জানান শাকিব। তার ভাষায়, ‘নিভৃতে যখন নিজের সঙ্গে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কী আর করব! অনেক কিছু চাইলেও তো পরিবর্তন করা সম্ভব নয়। সেটা আমাদের হাতে নেই। তবে যখন জেনে যাই এটা ভুল, তখন আর জেনে-শুনে সেটা করা যায় না।’

আলাপচারিতায় ইঙ্গিতে শাকিব খানের ব্যক্তিজীবন এবং তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

শাকিব খান বলেন, ‘তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি তাদের নিয়ে কিছু বলতে চাই না। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি। তবে তাদের সঙ্গে দেখা হলে মাঝে মাঝে বলি।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম জড়িয়ে বিভিন্ন অতিরঞ্জিত খবর প্রকাশের বিষয়েও কথা বলেন শাকিব খান। তার দাবি, বর্তমানে কোনো ঘটনা ঘটার আগেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমনকি অনেক সময় এমন কিছু ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্ক নেই।

এসব অভিজ্ঞতার কারণে নিজেকে অনেকটা অন্তর্মুখী করে নিয়েছেন বলেও জানান এই অভিনেতা। তার মতে, অতিরঞ্জিত প্রচারের কারণে অনেক বিষয় থেকে নিজেকে দূরে রাখাই এখন তার কাছে স্বস্তিদায়ক।

এদিকে আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়েও আশাবাদী শাকিব খান। চলতি বছরের অক্টোবরের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

ক্যারিয়ারের পাশাপাশি জীবনের বাকি সময়টা কীভাবে কাটাতে চান—সেই ইচ্ছার কথাও জানিয়েছেন শাকিব। তার চাওয়া, জীবনের আগামী দিনগুলো আনন্দ, হাসি ও স্বস্তির মধ্য দিয়ে কাটুক।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ