ATN
শিরোনাম
  •  

নেত্রকোণার বড়বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪-৫টি ব্যবসাপ্রতিষ্ঠান

         
নেত্রকোণার বড়বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪-৫টি ব্যবসাপ্রতিষ্ঠান

নেত্রকোণার বড়বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪-৫টি ব্যবসাপ্রতিষ্ঠান

নেত্রকোণা জেলা শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে একটি ক্রোকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ইলেকট্রনিক ও প্লাস্টিক সামগ্রীর দোকানসহ অন্তত ৪-৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এতে প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বাজারের দোকানগুলোতে বিপুল পরিমাণ প্লাস্টিক ও দাহ্য ইলেকট্রিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। পরে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারের পেছনে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা থাকায় আগুনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নেত্রকোণা সদর ফায়ার সার্ভিসের পাশাপাশি কলমাকান্দা, মোহনগঞ্জ, পূর্বধলা ও বারহাট্টা উপজেলার ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মোট ১০টি ইউনিটের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ১০টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফলে আগুন পেছনের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়তে পারেনি।

বড়বাজার নেত্রকোণা শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। ঘনবসতিপূর্ণ এ বাজারে পোশাক, কসমেটিকস, ইলেকট্রনিক্স, ক্রোকারিজসহ বিভিন্ন ধরনের অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কত—তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ