ATN
শিরোনাম
  •  

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্প আটকে দিল আদালত

         
ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্প আটকে দিল আদালত

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্প আটকে দিল আদালত

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্প আটকে দিল আদালত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে বড় ধাক্কা দিয়েছেন দেশটির ফেডারেল আপিল আদালত। হোয়াইট হাউসের পূর্ব পাশে প্রায় ৪০ কোটি ডলার ব্যয়ে বিশাল বলরুম নির্মাণের উদ্যোগ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার এ বিষয়ে রায় দেন ইউ.এস. কোর্ট অব অ্যাপিলস ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট। আদালত বলেছেন, হোয়াইট হাউসের মতো ঐতিহাসিক স্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নির্বাহী বিভাগের একক এখতিয়ার নয়; এ বিষয়ে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

রায়ে আদালত বলেন, ‘প্রত্যেক প্রেসিডেন্টেরই স্মরণ রাখা উচিত, তাঁরা হোয়াইট হাউসে সাময়িক সময়ের জন্য অতিথি, এ ভবনের মালিক নন।’ আদালতের মতে, হোয়াইট হাউসে বিশাল আকারের বলরুম নির্মাণ করা হবে কি না, সে সিদ্ধান্ত কংগ্রেসের নেওয়ার বিষয়।

ট্রাম্পের নির্দেশে গত বছর হোয়াইট হাউসের পূর্বাংশ বা ইস্ট উইং ভেঙে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের একটি বিশাল বলরুম নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পটি শুরুর আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।

প্রকল্পটির বৈধতা চ্যালেঞ্জ করে ‘ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন’ আদালতের দ্বারস্থ হয়। সংগঠনটির করা পিটিশনের ওপর শুনানি শেষে শুক্রবার রায় দেন আপিল আদালত। তিন বিচারপতির বেঞ্চের দুজন বিচারপতি রায়ের পক্ষে মত দেন।

তবে আপিল আদালতের এ রায়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ এখনো ট্রাম্প প্রশাসনের রয়েছে। এ জন্য ১৪ দিনের সময়সীমা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করা না হলে আপিল আদালতের রায়ই চূড়ান্ত বলে গণ্য হবে।

রায়ের পর সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশনের প্রেসিডেন্ট ব্রেন্ট লেগস। সাংবাদিকদের তিনি বলেন, হোয়াইট হাউসসহ যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনাগুলোর বিষয়ে মতামত দেওয়ার পূর্ণ অধিকার মার্কিন নাগরিকদের রয়েছে। আদালতের এই রায়ের মাধ্যমে সেই অধিকার স্বীকৃতি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

লেগস বলেন, “আজকের দিনটি যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের জন্য একটি মহান দিন।”

আদালতের এই রায়ের ফলে ট্রাম্পের উচ্চাভিলাষী বলরুম প্রকল্পের ভবিষ্যৎ এখন অনেকটাই সুপ্রিম কোর্টের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ