ATN
শিরোনাম
  •  

আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

         
আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে যুব টাইগাররা। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।

শুক্রবার ইরেনের কাউন্ট্রি ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে ইউএসএসএ। শুরুতে ওপেনার লুডউইচ স্কুল্ড ও তিন নম্বরে নামা ডেভিড টিগারের ব্যাটে ভালো অবস্থানে পৌঁছে যায় দলটি। জেসন মুইরহেড মাত্র ১ রান করে আউট হলেও স্কুল্ড ও টিগার ফিফটি তুলে নেন। টিগার ৫৭ বলে ৭২ রানের ঝলমলে ইনিংস খেললেও তার বিদায়ের পর ধস নামে ইউএসএসএর ব্যাটিংয়ে।

একসময় ১ উইকেটে ১২৬ রান করা ইউএসএসএ শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৬৬ রানে। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। তিনি ৪টি উইকেট শিকার করেন। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লব ও রোহানাতদৌলা বর্ষণ দুটি করে উইকেট নেন।

১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার মাহফিজুল রবিন ও হাবিবুর রহমান সোহানকে হারায় বাংলাদেশ। এরপর ইনিংসের হাল ধরেন শাহাদাত হোসেন দিপু ও ইফতিখার হোসেন ইফতি। ইফতি ২২ বলে ১৭ রান করে আউট হলে ক্রিজে আসেন ইরফান শুক্কুর।

শাহাদাত হোসেন দিপু ও ইরফান শুক্কুরের দারুণ জুটিতে সহজেই জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। শুক্কুর ৩৯ বলে ৫৮ রানের কার্যকর ইনিংস খেলেন। অন্যদিকে দিপু ৫৬ বলে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে ৭ উইকেটের জয় এনে দেন। এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে উঠেছে বাংলাদেশ ইমার্জিং দল, যেখানে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ