ATN
শিরোনাম
  •  

মুরগি, ডিম ও দুধের দামে নতুন ঊর্ধ্বগতি, আমদানিতে কমেছে কাঁচামরিচের দাম

         
মুরগি, ডিম ও দুধের দামে নতুন ঊর্ধ্বগতি, আমদানিতে কমেছে কাঁচামরিচের দাম

মুরগি, ডিম ও দুধের দামে নতুন ঊর্ধ্বগতি, আমদানিতে কমেছে কাঁচামরিচের দাম

রাজধানীর খুচরা বাজারে আবারও বেড়েছে মুরগি, ডিম ও দুধের দাম। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিত্যপ্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণ আরও কঠিন হয়ে পড়েছে। তবে ভারত থেকে আমদানি বাড়ায় কাঁচামরিচের দামে কিছুটা স্বস্তি ফিরেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালী মুরগির দাম কেজিপ্রতি ৩২০ থেকে ৩৪০ টাকা। ফার্মের লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায় এবং প্রতি লিটার দুধের দাম দাঁড়িয়েছে ১১০ টাকা।

বাজারসংশ্লিষ্টদের মতে, পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধি, উৎপাদন ব্যয় ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মুরগি, ডিম ও দুধের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ক্রেতাদের অভিযোগ, কার্যকর বাজার তদারকির অভাবে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না।

অন্যদিকে ভারত থেকে আমদানি বৃদ্ধি পাওয়ায় কাঁচামরিচের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। এক সপ্তাহ আগে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও বর্তমানে তা ২৫০ থেকে ২৮০ টাকায় নেমে এসেছে। পাইকারি বাজারে দাম আরও কমে ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে কাঁচামরিচের দাম আরও কমতে পারে।

এদিকে বেশিরভাগ সবজির দাম কিছুটা কমলেও টমেটোর মতো কয়েকটি পণ্য এখনও উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, বাজারে আংশিক স্বস্তি এলেও সার্বিকভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার তুলনায় বেশি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ