ATN
শিরোনাম
  •  

টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

         
টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। তিনি বলেছেন, দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে টেপ বল ক্রিকেটের আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) ও পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের (পিএসসি) আয়োজনে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে টেপ বল ক্রিকেটে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে এনে একটি সুস্থ ও মানবিক জাতি গড়ে তুলতে হবে। ক্রীড়াকে গুরুত্ব দিয়ে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুণগত পরিবর্তনের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ জন্য তরুণ, কিশোরসহ সমাজের সর্বস্তরের মানুষকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান।

এ সময় বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল, ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠনের সদস্য এবং স্থানীয় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড আয়োজিত গ্র্যান্ড ফাইনালে টিম গ্যালাক্সি কুড়িগ্রাম ও রোজার রাইডার্স কুষ্টিয়া অংশ নেয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ