ATN
শিরোনাম
  •  

আড্ডার স্মৃতিতে আইয়ুব বাচ্চু-জেমস-হাসান, পুরনো ছবি শেয়ার করে আবেগঘন শওকত ইমন

         
আড্ডার স্মৃতিতে আইয়ুব বাচ্চু-জেমস-হাসান, পুরনো ছবি শেয়ার করে আবেগঘন শওকত ইমন

আড্ডার স্মৃতিতে আইয়ুব বাচ্চু-জেমস-হাসান, পুরনো ছবি শেয়ার করে আবেগঘন শওকত ইমন

বাংলা সংগীতাঙ্গনের একঝাঁক কিংবদন্তি ও জনপ্রিয় শিল্পীদের নিয়ে তোলা বহু বছরের পুরনো দুটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে স্মৃতিকাতর হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিরল দুটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোর সঙ্গে কিংবদন্তি শিল্পী মান্না দে-র জনপ্রিয় গান ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’–এর পঙ্ক্তি উদ্ধৃত করে ক্যাপশনে লেখেন, “কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই... ঠিক এই গানটিই মনে পড়ছে এই মুহূর্তে। কত সালের এই ছবি দুটি ঠিক মনে নেই, তবে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে।”

প্রথম ছবিতে শওকত আলী ইমনের সঙ্গে একই টেবিলে আড্ডায় দেখা যায় সংগীতশিল্পী আসিফ আকবর, প্রয়াত কিংবদন্তি আইয়ুব বাচ্চু, নগরবাউল জেমস এবং হাসানকে। দ্বিতীয় ছবিতে শওকত ইমনের সঙ্গে রয়েছেন আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎসহ আরও কয়েকজন সংগীতশিল্পী ও সংগীতজ্ঞ।

ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। বাংলা গানের সোনালি সময়ের তারকাদের এমন বিরল মুহূর্ত এক ফ্রেমে দেখে সংগীতপ্রেমীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই মন্তব্যে সেই সময়ের কালজয়ী গান, শিল্পীদের বন্ধুত্ব এবং হারিয়ে যাওয়া আড্ডার স্মৃতি তুলে ধরেছেন।

উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে সক্রিয় রয়েছেন শওকত আলী ইমন। তিনি প্রায় ৪০০টি চলচ্চিত্রের গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ