ATN
শিরোনাম
  •  

১২ হাজার কোটি টাকার ক্লাবের দ্বারপ্রান্তে নোলানের ‘দ্য ওডিসি’

         
১২ হাজার কোটি টাকার ক্লাবের দ্বারপ্রান্তে নোলানের ‘দ্য ওডিসি’

১২ হাজার কোটি টাকার ক্লাবের দ্বারপ্রান্তে নোলানের ‘দ্য ওডিসি’

হলিউডের খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ বিশ্বজুড়ে বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করে ১ বিলিয়ন ডলারের আয়ের মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছে। মুক্তির পর থেকে সিনেমাটি ইতোমধ্যে ৯৩০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে। বর্তমান গতিধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই এটি ১ বিলিয়ন ডলার বা প্রায় ১২ হাজার কোটি টাকার আয়ের ক্লাবে প্রবেশ করবে।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ১ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে পারলে ‘দ্য ওডিসি’ হবে চলচ্চিত্র ইতিহাসের তৃতীয় আর-রেটেড সিনেমা, যা এই অর্জন করবে। বর্তমানে এই তালিকায় শীর্ষে রয়েছে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, যার আয় ১.৩৩৮ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘জোকার’, যার বিশ্বব্যাপী আয় ১.০৭৯ বিলিয়ন ডলার।

মুক্তির প্রথম সপ্তাহের তুলনায় আয়ের গতি কিছুটা কমলেও বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির দর্শক উপস্থিতি এখনো শক্তিশালী। বিশ্লেষকদের মতে, শিগগিরই নোলানের আগের আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’–এর ৯৭৬.৯৭ মিলিয়ন ডলারের আয়ের রেকর্ডও ছাড়িয়ে যাবে ‘দ্য ওডিসি’। এটি নোলানের ক্যারিয়ারের দ্বিতীয় আর-রেটেড সিনেমা।

গ্রিক মহাকাব্যকার হোমারের অমর কাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত সিনেমাটিতে ইথাকার রাজা ওডিসিয়াসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। ট্রয় যুদ্ধের পর দীর্ঘ ও বিপদসংকুল যাত্রায় পৌরাণিক প্রাণী, দেব-দেবীর চ্যালেঞ্জ এবং নানা প্রতিকূলতা পেরিয়ে নিজ রাজ্যে ফেরার রোমাঞ্চকর কাহিনি তুলে ধরা হয়েছে এতে।

ম্যাট ডেমনের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন টম হল্যান্ড, জেনডায়া, লুপিটা নিওঙ্গোসহ আরও অনেক জনপ্রিয় তারকা। শক্তিশালী অভিনয়, নোলানের নির্মাণশৈলী এবং মহাকাব্যিক উপস্থাপনার কারণে সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।

সূত্র: জুম এন্টারটেইনমেন্ট

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ