ATN
শিরোনাম
  •  

মৃত্যুর আগে মৃত স্বজনদের স্বপ্ন দেখেন অনেক রোগী, দাবি চিকিৎসক ক্রিস কের

         
মৃত্যুর আগে মৃত স্বজনদের স্বপ্ন দেখেন অনেক রোগী, দাবি চিকিৎসক ক্রিস কের

মৃত্যুর আগে মৃত স্বজনদের স্বপ্ন দেখেন অনেক রোগী, দাবি চিকিৎসক ক্রিস কের

মৃত্যুর আগে অনেক রোগী এমন কিছু স্বপ্ন দেখেন, যা সাধারণ স্বপ্নের তুলনায় অনেক বেশি বাস্তব ও আবেগঘন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক ডা. ক্রিস কের। তার ভাষ্য, এসব স্বপ্নে রোগীরা প্রায়ই তাদের মৃত আত্মীয়স্বজন, বন্ধু বা প্রিয়জনদের দেখতে পান। এমন অভিজ্ঞতা অনেক ক্ষেত্রে রোগীদের মানসিক শান্তি এনে দেয় এবং মৃত্যুকে গ্রহণ করতে সহায়তা করে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোভিত্তিক এই প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নার্স ও চিকিৎসাকর্মীরা প্রায়ই লক্ষ্য করেন যে, মৃত্যুর সময় ঘনিয়ে এলে রোগীরা একই ধরনের স্বপ্ন বারবার দেখতে শুরু করেন।

ক্রিস কেরের মতে, মৃত্যুর আগের এসব স্বপ্ন সাধারণ স্বপ্নের মতো নয়; বরং সেগুলো রোগীদের কাছে অত্যন্ত জীবন্ত ও বাস্তব মনে হয়। অনেক রোগী বিশ্বাস করেন, তারা যেন সত্যিই সেই অভিজ্ঞতার মধ্যে উপস্থিত ছিলেন।

২০১৪ সালে পরিচালিত তার এক গবেষণায় দেখা যায়, মৃত্যুর কাছাকাছি থাকা ১০ জন রোগীর মধ্যে ৯ জন অন্তত একবার এ ধরনের স্বপ্ন বা দর্শনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

তিনি উদাহরণ হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক প্রবীণ সেনার কথা উল্লেখ করেন। যুদ্ধ চলাকালে নরমান্ডি সৈকতে তার কয়েকজন সহযোদ্ধা নিহত হলেও তিনি বেঁচে যান। জীবনের শেষ সময়ে তিনি স্বপ্নে সেই সৈকত এবং নিহত সহযোদ্ধাদের দেখেন। স্বপ্নে তাদের একজন তাকে বলেন, “তোমাকে আমরা বাড়িতে নিতে এসেছি।”

চিকিৎসক কের আরও জানান, এসব স্বপ্নে অনেক রোগী মৃত বাবা-মা, ভাই-বোন, সন্তান কিংবা প্রিয় পোষা প্রাণীর সঙ্গে পুনর্মিলনের অভিজ্ঞতা বর্ণনা করেন। তার মতে, এ ধরনের অভিজ্ঞতা রোগীদের মধ্যে মানসিক প্রশান্তি সৃষ্টি করতে পারে।

তিনি আরও একটি ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে মরণব্যাধিতে আক্রান্ত ২০ বছর বয়সী এক তরুণী নিজের মৃত্যুকে মেনে নিতে পারছিলেন না। পরে তিনি স্বপ্নে তার প্রয়াত দাদাকে দেখেন। ওই স্বপ্নের পর তার মানসিক অস্থিরতা কমে আসে এবং তিনি অনেক শান্ত হয়ে ওঠেন।

এ ছাড়া ক্রিস কের দাবি করেন, মৃত্যুর আগে কিছু রোগীর মধ্যে হঠাৎ করেই মানসিক স্বচ্ছতা ফিরে আসার ঘটনাও দেখা যায়। স্ট্রোক, মস্তিষ্কে টিউমার বা স্মৃতিভ্রংশে আক্রান্ত অনেক রোগী মৃত্যুর অল্প আগে আত্মীয়স্বজন ও নার্সদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন, এমনকি হারিয়ে যাওয়া স্মৃতিও কিছু সময়ের জন্য ফিরে আসে।

তবে বিশেষজ্ঞরা মনে করেন, মৃত্যুর আগে দেখা এমন স্বপ্ন বা মানসিক স্বচ্ছতার অভিজ্ঞতা নিয়ে এখনও গবেষণা চলছে। এগুলোর সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো প্রতিষ্ঠিত হয়নি এবং এগুলোকে মৃত্যুর নিশ্চিত পূর্বলক্ষণ হিসেবে বিবেচনা করা উচিত নয়।

সূত্র: দ্য টাইমস

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ