ATN
শিরোনাম
  •  

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব: ডা. শফিকুর রহমান

         
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব: ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে না কেন, সেটি সরকারই ভালো বলতে পারবে। তবে সরকারের উচিত তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, অতীতে সব সরকারই সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বলেছে, তবে বাস্তবে তা পুরোপুরি নিশ্চিত হয়নি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়ে তিনি বলেন, বর্তমান সময়ে দলটির রাজনীতিতে ফিরে আসার উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। তার অভিযোগ, আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ক্ষতি করেছে এবং গুম-খুনসহ বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত ছিল।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল যদি শুধু দল ভারী করার উদ্দেশ্যে অনুশোচনাহীন আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দেয়, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না।

রাজনীতিতে পেশিশক্তির ব্যবহার নিয়েও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে রাজনীতিতে শক্তি প্রদর্শনের সংস্কৃতি দেখা গেছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।

দেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, সেবা না পেয়েও সাধারণ মানুষকে অতিরিক্ত বিলের চাপ নিতে হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সরকারের সফলতা ও ব্যর্থতার চূড়ান্ত মূল্যায়নের দায়িত্ব জনগণের বলে মন্তব্য করে তিনি বলেন, সরকারি ও বিরোধী—সব রাজনৈতিক দলের কর্মকাণ্ডের বিচার দেশের মানুষই করবে।

বাগেরহাট জেলা জামায়াতের আমির রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট আলী মাদ্রাসায় আয়োজিত দলীয় রোকন সম্মেলনে যোগ দেন। পরে নেতা-কর্মীদের সঙ্গে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ