ATN
শিরোনাম
  •  

মধ্য আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, ভারতীয় যাত্রী আটক

         
মধ্য আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, ভারতীয় যাত্রী আটক

মধ্য আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা, ভারতীয় যাত্রী আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ভারতের কোচিগামী একটি যাত্রীবাহী বিমানে মাঝ আকাশে জরুরি নির্গমন (ইমার্জেন্সি) দরজা খোলার চেষ্টা করে আতঙ্ক ছড়িয়েছেন এক ভারতীয় যাত্রী। এ সময় তিনি দরজার ভেতরের জানালাও ক্ষতিগ্রস্ত করেন। পরে অন্য যাত্রী ও কেবিন ক্রুদের সহযোগিতায় তাকে নিয়ন্ত্রণে আনা হয়। বিমানটি নিরাপদে অবতরণের পর তাকে আটক করে কেরালা পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৫ আগস্ট) রাতে বাটিক এয়ারের ওডি২৩১ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ভারতের কোচির উদ্দেশ্যে ছেড়ে যায়।

আটক যাত্রীর নাম জামশের। তিনি ভারতের কেরালার পালাক্কাড জেলার বাসিন্দা। পুলিশের অভিযোগ অনুযায়ী, স্থানীয় সময় রাত সাড়ে ৯টা থেকে রাত ১১টা ৫ মিনিটের মধ্যে, বিমানটি মাঝ আকাশে থাকা অবস্থায় তিনি জোরপূর্বক ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করেন। এর আগে তিনি দরজার ভেতরের জানালায় আঘাত করে সেটি ক্ষতিগ্রস্ত করেন। এ সময় তিনি অন্যান্য যাত্রী ও কেবিন ক্রুদেরও হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি বুঝে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী দ্রুত এগিয়ে এসে তাকে নিবৃত করেন। তাদের তৎপরতায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

বৃহস্পতিবার ভোরে বিমানটি কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে জামশেরকে কেরালা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে আটক করা হয় এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিমানে থাকা যাত্রী ম্যাটি ম্যাথু সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বর্ণনা দিয়ে জানান, অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তারা বিমানের ভেতরে বাতাসের শব্দ শুনে জেগে ওঠেন। পরে দেখতে পান, এক ব্যক্তি ইমার্জেন্সি দরজার জানালা ভেঙে দরজা খোলার চেষ্টা করছেন। তবে বিমানের নকশা ও কেবিনের বায়ুচাপের কারণে দরজাটি খুলতে পারেননি তিনি।

ম্যাথু লিখেছেন, “এটি ছিল অত্যন্ত ভীতিকর একটি পরিস্থিতি। তবে সৌভাগ্যবশত বিমানের সব যাত্রী নিরাপদ ছিলেন।”

সূত্র: ইন্ডিয়া টুডে

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ