ATN
শিরোনাম
  •  

সবাইকে ছাড়িয়ে ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষে শাহরুখ খান

         
সবাইকে ছাড়িয়ে ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষে শাহরুখ খান

সবাইকে ছাড়িয়ে ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষে শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান আবারও প্রমাণ করলেন তার তারকাখ্যাতির শক্তি। আন্তর্জাতিক ফিনান্সিয়াল ও বিজনেস কনসাল্টিং প্রতিষ্ঠান ‘ক্রল’-এর প্রকাশিত ‘সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, ভারতের সব তারকাকে ছাড়িয়ে ব্র্যান্ড ভ্যালুতে শীর্ষস্থান দখল করেছেন তিনি।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে শাহরুখ খানের ব্র্যান্ড মূল্য ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার। এর মাধ্যমে তিনি ক্রিকেট তারকা বিরাট কোহলিকে ছাড়িয়ে ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ডে পরিণত হয়েছেন।

রিপোর্টে ভারতের শীর্ষ ২৫ জন তারকার ব্র্যান্ড ভ্যালু প্রকাশ করা হয়েছে। তালিকাভুক্ত তারকাদের সম্মিলিত ব্র্যান্ড মূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার (২ বিলিয়ন ডলার)।

গত বছরের প্রতিবেদনে শাহরুখ খান ছিলেন তৃতীয় অবস্থানে। সে সময় তার ব্র্যান্ড মূল্য ছিল ১৪ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে তার ব্র্যান্ড ভ্যালু ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা তার জনপ্রিয়তা ও বাণিজ্যিক গ্রহণযোগ্যতার ধারাবাহিক উত্থানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।

গত এক বছরে শাহরুখ বেশ কয়েকটি নতুন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছে ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার এবং ক্যান্ডেরে। পাশাপাশি হুন্দাই, মিন্ত্রা ও এয়ারবিএনবি-সহ একাধিক আন্তর্জাতিক ও দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি।

অন্যদিকে, গত বছর শীর্ষে থাকা ক্রিকেট তারকা বিরাট কোহলি এবার নেমে গেছেন তৃতীয় স্থানে। তার বর্তমান ব্র্যান্ড মূল্য ১৫ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং, যার ব্র্যান্ড মূল্য ১৬ কোটি ২৯ লাখ মার্কিন ডলার।

এদিকে অভিনয় ব্যস্ততাও চলছে সমানতালে। বর্তমানে শাহরুখ খান কাজ করছেন তার বহুল আলোচিত নতুন সিনেমা ‘কিং’-এ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন কন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চনসহ বলিউডের আরও অনেক জনপ্রিয় তারকা। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ