ATN
শিরোনাম
  •  

'জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে'—সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

         
'জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে'—সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

'জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে'—সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন, এমপি বলেছেন, ফ্যাসিবাদবিরোধী অপশক্তি জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা করছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্রসমাজ ও সাধারণ জনগণের সম্মিলিত আন্দোলনের ফল। এর কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত সাত দিনব্যাপী ‘আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা আন্দোলনের মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি দাবি করেন, ফ্যাসিবাদকে বিদায় করা গেলেও তার শিকড় এখনো পুরোপুরি নির্মূল হয়নি। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার উল্লেখ করে তিনি সরকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে তরুণদের দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, তরুণসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণেই ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বক্তব্য দেন।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমতকে গ্রহণ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো। তিনি অভিযোগ করেন, বিগত শাসনামলে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের শোষণ, নির্যাতন ও বঞ্চনার বহিঃপ্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পর জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় এবং এটি জাতীয় ঐক্যের প্রতীক। এই ঐক্যে বিভাজন সৃষ্টি হলে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। দেশের স্বার্থে গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার এবং কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ব্যারিস্টার ফারজানা শারমীন সাত দিনব্যাপী ‘আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ