ATN
শিরোনাম
  •  

বর্ষাকালে রান্নাঘরের এসব ভুলেই বাড়ছে পেটের অসুখ, সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

         
বর্ষাকালে রান্নাঘরের এসব ভুলেই বাড়ছে পেটের অসুখ, সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

বর্ষাকালে রান্নাঘরের এসব ভুলেই বাড়ছে পেটের অসুখ, সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

বর্ষাকাল মানেই গরম থেকে স্বস্তি, সঙ্গে বৃষ্টিভেজা দিনে মুখরোচক খাবারের প্রতি বাড়তি আকর্ষণ। তবে এই সময় শুধু বাইরের খাবারই নয়, ঘরে তৈরি খাবার থেকেও খাদ্যজনিত বিষক্রিয়ার ঝুঁকি থাকে। চিকিৎসকদের মতে, রান্নাঘরের পরিচ্ছন্নতায় সামান্য অসতর্কতাও খাবারে ব্যাকটেরিয়া ছড়িয়ে পেটের সংক্রমণ, ডায়রিয়া ও হজমের নানা সমস্যার কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে খাবারের মানের পাশাপাশি রান্নাঘরের স্বাস্থ্যবিধি মেনে চলাও সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিনের কিছু সাধারণ ভুল এড়িয়ে চললেই অনেকাংশে কমানো সম্ভব খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি।

একই ছুরি ও কাটিং বোর্ড ব্যবহার ঝুঁকিপূর্ণ

অনেকেই একই ছুরি ও কাটিং বোর্ডে কাঁচা মাছ, মাংস, শাকসবজি এবং পরে ফল বা রান্না করা খাবার কাটেন। এতে কাঁচা খাবারে থাকা ক্ষতিকর জীবাণু রান্না করা খাবারে ছড়িয়ে পড়ে, যাকে ক্রস-কন্ট্যামিনেশন বলা হয়। তাই প্রতিবার ব্যবহারের পর ছুরি ও কাটিং বোর্ড গরম পানি ও ডিশওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করা উচিত।

অপরিষ্কার ডাস্টবিন হতে পারে জীবাণুর উৎস

রান্নাঘরের ডাস্টবিন দীর্ঘ সময় পরিষ্কার না করলে বা খোলা অবস্থায় রাখলে সেখানে দ্রুত ব্যাকটেরিয়া, ছত্রাক ও মাছির বিস্তার ঘটে। এসব জীবাণু বাতাস বা মাছির মাধ্যমে খাবারে পৌঁছে সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। তাই প্রতিদিন ময়লা ফেলে ডাস্টবিন পরিষ্কার রাখা এবং ঢাকনা ব্যবহার করা জরুরি।

শাকসবজি ও ফল ভালোভাবে ধোয়া প্রয়োজন

বর্ষাকালে শাকসবজি ও ফলের গায়ে মাটি, কীটনাশক, জীবাণু ও পরজীবীর ডিম লেগে থাকতে পারে। শুধু একবার পানিতে ধুলে তা পুরোপুরি দূর হয় না। তাই পরিষ্কার পানিতে কয়েকবার ধোয়ার পাশাপাশি প্রয়োজনে হালকা লবণ বা অল্প ভিনেগার মেশানো পানিতে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রেখে পরে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

একই তেল বারবার ব্যবহার না করাই ভালো

একই তেল বারবার উচ্চ তাপমাত্রায় ব্যবহার করলে এর রাসায়নিক গঠন পরিবর্তিত হয়ে ক্ষতিকর যৌগ তৈরি হতে পারে। নিয়মিত এমন তেল ব্যবহারে হজমের সমস্যা, অ্যাসিডিটি, প্রদাহসহ দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। তাই একই তেল বারবার ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হাত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি

রান্না শুরুর আগে, কাঁচা মাছ-মাংস ধরার পর এবং খাবার স্পর্শের আগে অন্তত ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়া উচিত। রান্নার সময় মোবাইল ফোন ব্যবহারের পর হাত না ধুয়ে খাবার ধরলেও জীবাণু ছড়াতে পারে।

খাবার সংরক্ষণেও প্রয়োজন সতর্কতা

রান্না করা খাবার দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় রেখে দিলে দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাই খাবার ঠান্ডা হওয়ার পর পরিষ্কার ও ঢাকনাযুক্ত পাত্রে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি নিয়মিত ফ্রিজ পরিষ্কার রাখারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

যেভাবে কমবে খাদ্যজনিত বিষক্রিয়ার ঝুঁকি

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, রান্নার আগে ও খাবার খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। রান্নাঘর পরিষ্কার রাখা, নিরাপদভাবে খাবার সংরক্ষণ করা এবং বর্ষা ও গরমের সময়ে রাস্তার খোলা খাবার ও আগে থেকে কেটে রাখা ফল এড়িয়ে চলা উচিত।

তাদের মতে, সামান্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চললেই বর্ষাকালে খাদ্যজনিত বিষক্রিয়া এবং পেটের নানা রোগ থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখা সম্ভব।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট লাইফস্টাইল সংবাদ


অন্যান্য সংবাদ